মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

৩ ম্যাচে ২৪ রান, সমালোচনার মুখে ২৫ কোটি রুপির গ্রিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১২:১১ পিএম

শেয়ার করুন:

৩ ম্যাচে ২৪ রান, সমালোচনার মুখে ২৫ কোটি রুপির গ্রিন

আইপিএল ২০২৬-এ অবশেষে পয়েন্টের খাতা খুলেছে কলকাতা নাইট রাইডার্স। তবে এই ম্যাচে জয় নয়, বরং ভাগ্য ভালো বলেই এক পয়েন্ট পেয়েছে তারা, পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায়।

কলকাতার ইডেন গার্ডেন্সে সোমবার ম্যাচটি শুরু হলেও শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। ওপেনিংয়ে দ্রুত উইকেট হারায় তারা, ফিন অ্যালেন করেন ৬ রান, আর ক্যামেরন গ্রিন ফেরেন মাত্র ৪ রান করে। এরপরই বৃষ্টি নামায় ম্যাচ আর এগোয়নি, শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


যদিও দুই দল এক পয়েন্ট করে পেয়েছে, তবে পারফরম্যান্সের দিক থেকে সমালোচনার মুখে পড়েছেন গ্রিন। বিশেষ করে তার বিশাল মূল্যমান (২৫.২০ কোটি টাকা) বিবেচনায়। প্রথম ম্যাচে তিনি করেন ১০ বলে ১৮ রান। পরের ম্যাচে ২ বলে ২। এবার ফিরলেন ৪ রানে। ২৫ কোটি রুপির তারকা ৩ ম্যাচে করেছেন ২৪ রান।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন বলেন, “টাকার বিষয়টা আমি তুলতে চাই না। কিন্তু ক্রিকেটিং দিক থেকে বলতে গেলে, আইপিএলে তিন নম্বরে ব্যাট করতে হলে সেই মানের পারফরম্যান্স দরকার। আমার মনে হয় না সে এই পজিশনের জন্য যথেষ্ট ভালো।”

তিনি আরও বলেন, “সে বোলিং করছে না। মাঝেমধ্যে ভালো ইনিংস খেলেছে ঠিকই, কিন্তু নিয়মিতভাবে তিন নম্বরে দায়িত্ব নেওয়ার মতো পারফরম্যান্স আমি দেখিনি। সে মূলত মিডল-অর্ডারের ব্যাটার, সঙ্গে কিছুটা বোলিং করতে পারে।”

একই সুর শোনা গেছে সাবেক ভারতীয় ব্যাটার সঞ্জয় বাঙ্গারের কথাতেও। তার মতে, গ্রিনকে জোর করে তিন নম্বরে খেলানো ঠিক হচ্ছে না। বাঙ্গার বলেন, “বিদেশি খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞ খেলোয়াড় দরকার, কারণ সুযোগ থাকে মাত্র চারজনের। গ্রিন যদি বোলিং না করে, তাহলে শুধুমাত্র ব্যাটার হিসেবে সে এই জায়গার জন্য আদর্শ নয়।”


বিজ্ঞাপন


তার মতে, টি-টোয়েন্টি ফরম্যাটে রোভম্যান পাওয়েল বেশি কার্যকর হতে পারেন। “পাওয়েল একজন প্রমাণিত টি-টোয়েন্টি স্পেশালিস্ট। নির্দিষ্ট ভূমিকা আছে, সেটা সে ভালোভাবেই পালন করে। গ্রিনের ক্ষেত্রে আমরা এখনও ‘আশা’ করছি, কিন্তু পাওয়েল ইতোমধ্যেই প্রমাণিত,” যোগ করেন তিনি। সব মিলিয়ে, এক পয়েন্ট পেলেও কলকাতার জন্য এই ম্যাচে সবচেয়ে বড় চিন্তার জায়গা হয়ে উঠেছে তাদের দামী বিদেশি তারকার ফর্ম ও ভূমিকা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর