বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে ফুটবলারদের একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সাম্প্রতিক এক ম্যাচে ইসলামবিদ্বেষী স্লোগানের প্রতিবাদ করায় বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের প্রশংসাও করেছেন তিনি।
গত সপ্তাহে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে স্প্যানিশ সমর্থকদের কিছু আচরণ নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ইয়ামাল। মুসলিম এই ফুটবলার সেসব স্লোগানকে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন । এ নিয়ে ভিনিসিয়ুস বলেন, “এ ধরনের বিষয় নিয়ে কথা বলা সব সময়ই কঠিন, কিন্তু এগুলো প্রায়ই ঘটে। ইয়ামাল যে কথা বলেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এতে অন্যদেরও সাহস জোগাবে।”
বিজ্ঞাপন
নিজেও ইউরোপে খেলতে গিয়ে একাধিকবার বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। তার মতে, তারকাদের দায়িত্ব আরও বেশি। “আমরা পরিচিত মুখ, আমাদের অর্থ আছে, আমরা কিছুটা সামলে নিতে পারি। কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে কৃষ্ণাঙ্গরা, আরও বেশি কষ্ট পায়। তাই যাদের কণ্ঠ শক্তিশালী, আমাদের একসঙ্গে থাকতে হবে,” বলেন তিনি।
সম্প্রতি লিসবনে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তুলেছিলেন ভিনিসিয়ুস। গ্যালারি থেকেও তাকে লক্ষ্য করে কটূক্তি করা হয়। তিনি বলেন, “আমি বলছি না স্পেন, জার্মানি বা পর্তুগাল বর্ণবাদী দেশ। কিন্তু এসব দেশে বর্ণবাদী মানুষ আছে, ব্রাজিলসহ অনেক দেশেই আছে। আমরা একসঙ্গে লড়াই চালিয়ে গেলে ভবিষ্যতে আর কাউকে এসব সহ্য করতে হবে না।”
রিয়ালেই দীর্ঘ সময় থাকতে চান ভিনিসিয়ুস
এদিকে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন ভিনিসিয়ুস। জানিয়েছেন, সঠিক সময়ে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করবেন এবং দীর্ঘদিন ক্লাবটিতে থাকতে চান। তিনি বলেন, “আমি আশা করি অনেক দিন এখানে থাকতে পারব। এখনও সময় আছে, আমরা শান্ত আছি। ক্লাব প্রেসিডেন্ট আমার ওপর আস্থা রাখেন। সঠিক সময়ে চুক্তি নবায়ন হবে।”
বিজ্ঞাপন
২০২৭ সাল পর্যন্ত বর্তমান চুক্তি থাকলেও মৌসুমের এক পর্যায়ে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কোচ জাবি আলোনসোর সঙ্গে দূরত্ব, টানা তিন মাস গোল না পাওয়া, সব মিলিয়ে সময়টা কঠিন ছিল। ভিনিসিয়ুস বলেন, “ওটা কঠিন সময় ছিল। অনেক ম্যাচ খেলেছি, কিন্তু কম সময় পেয়েছি। কোচের ভাবনার সঙ্গে নিজেকে মেলাতে পারিনি। তবে অনেক কিছু শিখেছি, নিজেকে উন্নত করেছি।”
বার্সেলোনার বিপক্ষে এক ম্যাচে বদলি হওয়ার সময় প্রতিক্রিয়া দেখিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে সেই ঘটনার জন্য ক্ষমাও চান। “তখন মনে হয়েছিল আমি ঠিক করছি, কিন্তু পরে বুঝেছি ভুল করেছি। প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ থাকে,” বলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

