ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন দাবি করেছেন, আইপিএলে খেলতে চাওয়ার কারণেই আন্তর্জাতিক ক্যারিয়ার সময়ের আগেই শেষ হয়ে গেছে তার। ইউটিউবার রণবীর আলাহবাদিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। পিটারসেনের অভিযোগ, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তার বিরুদ্ধে গণমাধ্যম ব্যবহার করে এক ধরনের ‘উইচ-হান্ট’ চালিয়েছিল আইপিএলের শুরুর দিকে।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে মাত্র একজন ইংলিশ ক্রিকেটার খেলেছিলেন, দিমিত্রি মাসকারেনিয়াস, রাজস্থান রয়্যালসের হয়ে। কারণ তখন বোর্ড কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এই লিগে অংশ নিতে দেয়নি। পরের বছর সীমিত সময়ের জন্য অনুমতি দেওয়া হলেও সেটি ছিল মাত্র তিন সপ্তাহ।
বিজ্ঞাপন
পিটারসেনের মতে, তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে আইপিএলে তার মানিয়ে নেওয়া সহজ ছিল। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সিদ্ধান্তই শেষ পর্যন্ত জাতীয় দলে তার অবস্থান দুর্বল করে দেয়। তিনি বলেন, “আমি বড় ত্যাগ স্বীকার করেছি। আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। সেই কারণেই বোর্ডের সবাই আমার বিরুদ্ধে চলে যায়। আমি ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ি, ১০৪টি টেস্ট খেলেছিলাম। আমার ১৫০-১৬০টি টেস্ট খেলার কথা ছিল, ১২-১৩ হাজার রান করার কথা ছিল।”
আরও বলেন, “বোর্ড একটি পত্রিকাকে ব্যবহার করেছিল আমার বিরুদ্ধে যাওয়ার জন্য। বিষয়টি অনেক আলোচিত ছিল। এখন আমি শান্ত জীবন কাটাচ্ছি।” টেস্ট ক্যারিয়ারে পিটারসেন করেছেন ৮,১৮১ রান, রয়েছে ২৩টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরি।
তবে সব বিতর্কের পরও তিনি মনে করেন, তার এই লড়াই ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ খুলে দিয়েছে। তিনি জানান, সম্প্রতি জস বাটলার তাকে ধন্যবাদ জানিয়েছেন।পিটারসেনের ভাষায়, “আমি যে ত্যাগগুলো করেছি, তার ফল এখনকার খেলোয়াড়রা পাচ্ছে।” ২০১৬ সালে সর্বশেষ আইপিএল খেলেন পিটারসেন। এরপর ধারাভাষ্য ও মেন্টর হিসেবে কাজ করছেন, বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত থেকে।

