চ্যাম্পিয়নস লিগের বড় ম্যাচের জন্যই কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে এসেছেন, এমনটাই মনে করেন কোচ আলভারো আরবেলোয়া। বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে ফরাসি এই তারকার ওপরই ভরসা রাখছেন তিনি।
দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেও একসঙ্গে সব তারকাকে নামিয়ে ভারসাম্য রাখা নিয়ে প্রশ্ন রয়েছে। হাঁটুর চোটের কারণে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ ষোলোতে কোনো ম্যাচেই শুরু থেকে খেলেননি এমবাপে। তবে এখন পুরোপুরি ফিট হয়ে ফেরায় সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্নের বিপক্ষে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
বিজ্ঞাপন
আরবেলোয়া বলেন, “এমন সমস্যা থাকাটা দারুণ- যখন দলে এত ভালো খেলোয়াড় থাকে। এমবাপে রিয়াল মাদ্রিদে এসেছে ঠিক এমন ম্যাচগুলোর জন্যই। আমি নিশ্চিত, আমরা তার সেরাটা দেখব।” ইংল্যান্ডের জুড বেলিংহামও চোট কাটিয়ে ধীরে ধীরে ফিরছেন। কোচ জানিয়ে দিয়েছেন, তারকা খেলোয়াড়রা ফিট থাকলে তাদের ওপরই ভরসা রাখবেন তিনি। সিটির বিপক্ষে তরুণ থিয়াগো পিতার্চ ও ব্রাহিম দিয়াজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বায়ার্ন ম্যাচে তাদের সময় কমে যেতে পারে। আরবেলোয়া বলেন, “এমবাপে ও ব্রাহিমের খেলার ধরন আলাদা, তাই কৌশলও বদলাতে হবে। তবে এই অপশনগুলো থাকা আমাদের জন্য আশীর্বাদ।”
এদিকে ভিনিসিয়ুস জুনিয়র জানিয়েছেন, এমবাপের সঙ্গে তার বোঝাপড়া দারুণ। “অনেকে অনেক কিছু বলে, কিন্তু এমবাপে আমাদের সাহায্য করতে এসেছে। সে গোল করে, আত্মবিশ্বাস দেয়। মাঠে ও মাঠের বাইরে আমাদের বোঝাপড়া অসাধারণ।”
লা লিগায় মায়োর্কার কাছে হারের পর সমালোচনার মুখে পড়েছে রিয়াল। বার্সেলোনার থেকে ৭ পয়েন্ট পিছিয়ে থাকা দলটি এখন চ্যাম্পিয়নস লিগেই ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছে। ভিনিসিয়ুস বলেন, “সব ম্যাচে একই রকম সংযোগ থাকে না, মায়োর্কার বিপক্ষে সেটাই হয়নি। কিন্তু বায়ার্নের বিপক্ষে আমাদের ২০০ শতাংশ দিতে হবে।”
বর্ণবাদবিরোধী লড়াই নিয়েও কথা বলেন এই ব্রাজিলিয়ান তারকা। সাম্প্রতিক এক ঘটনায় লামিন ইয়ামালের বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “এটা গুরুত্বপূর্ণ যে সে কথা বলছে। অনেক দেশেই বর্ণবাদ আছে, কিন্তু সবাই মিলে লড়লে ভবিষ্যতে নতুন খেলোয়াড়দের এসবের মুখোমুখি হতে হবে না।”

