সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

সিরিজে অংশ নিতে বাংলাদেশে আসবে তো ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

সিরিজে অংশ নিতে বাংলাদেশে আসবে তো ভারত

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে উঠতে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাফিজুর রহমানের আইপিএল অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা যে চিড় ধরিয়েছিল দুই দেশের ক্রিকেট সম্পর্কে, তার প্রভাব এখনো পড়ছে দ্বিপাক্ষিক সিরিজ ও বড় টুর্নামেন্টগুলোতে। তবে নতুন প্রেক্ষাপটে বিসিবি এখন সম্পর্ক মেরামতের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর বোর্ডের নির্দেশে তাঁকে ছাড়িয়ে দেওয়ার ঘটনা দুই বোর্ডের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। এরপর থেকেই ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। 


বিজ্ঞাপন


আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুসারে আগামী সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সিরিজ অনুষ্ঠিত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এছাড়া আসন্ন এশিয়া কাপের মতো মেগা ইভেন্টের আয়োজন ও অংশগ্রহণও এই দুই বোর্ডের সম্পর্কের ওপর অনেকাংশে নির্ভর করছে। সম্পর্ক উন্নয়নে বিসিবি ইতিমধ্যে বিসিসিআইয়ের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। চিঠিতে অতীতের তিক্ততা ভুলে ভারতীয় দলকে বাংলাদেশ সফরে আসার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। 

একইসঙ্গে আগামী বছরের এশিয়া কাপকে সামনে রেখে দুই বোর্ডের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিসিসিআই এখনো এই চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। ফলে সিরিজ নিয়ে বিসিবির মধ্যে আশা ও অনিশ্চয়তার মিশ্র অনুভূতি বিরাজ করছে।

বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস এ বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, “দ্বিপাক্ষিক সিরিজগুলো এফটিপির অংশ। গত বছর যে সিরিজ হওয়ার কথা ছিল, সেটি এবার নিয়ে আসা হয়েছে। যেকোনো বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ প্রতিনিয়ত হয়। আমি পত্রপত্রিকায় দেখেছি যে বিসিবি থেকে চিঠি ইস্যু করা হয়েছে। তবে এটি সিইও অফিস বা সভাপতি অফিসের বিষয়, তাই আমার কাছে বিস্তারিত তথ্য নেই।”


বিজ্ঞাপন


দ্বিপাক্ষিক সম্পর্কের অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশ দল নিজেদের প্রস্তুতির দিকে পূর্ণ মনোযোগ দিয়েছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য দলের প্রস্তুতি বেশ ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন শাহরিয়ার নাফিস। 

তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, এবার আমরা বেশ ভালো সময় পেয়েছি। প্রস্তুতিটা সমৃদ্ধ হচ্ছে। খেলোয়াড়রা কষ্ট করছে এবং ভালোভাবে মানিয়ে নিচ্ছে। গরম আছে, কিন্তু তারা দ্রুত অভ্যস্ত হয়ে উঠছে।”

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর