আইপিএলের ইতিহাসে প্রথম পেসার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অভিজ্ঞ বোলার ভূবনেশ্বর কুমার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে আয়ুশ মাত্রেকে ১ রানে আউট করেই এই কীর্তি গড়েন তিনি। সব মিলিয়ে এই ক্লাবে তার আগে ছিলেন কেবল যুজবেন্দ্র চাহাল।
অফ স্টাম্পের বাইরে লেংথে করা বলে মাত্রে পুল করতে গিয়ে জায়গা না পেয়ে ভুল শট খেলেন। বলটি মিড-অফে গেলে সহজ ক্যাচ নেন রাজত পাতিদার। মাইলফলকের মুহূর্তে সতীর্থরা তাকে ঘিরে উদযাপন করেন, গ্যালারিতেও ছিল করতালি।
বিজ্ঞাপন
২০১১ সালে আইপিএলে অভিষেক হওয়া ভূবনেশ্বর নিজের ক্যারিয়ার গড়েছেন গতি নয়, নিয়ন্ত্রণ ও সুইংয়ের ওপর ভর করে। তার সবচেয়ে সফল মৌসুম ছিল ২০১৭, যখন তিনি নিয়েছিলেন ২৬ উইকেট। এর আগে ২০১৬ সালে ২৩ উইকেট নিয়ে টানা দুই মৌসুমে পার্পল ক্যাপ জয়ের অনন্য রেকর্ড গড়েন তিনি।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৪৫ ম্যাচে ১৫৭ উইকেট নিয়েছেন তিনি, গড় ২৬.৮১ ও ইকোনমি ৭.৭২। এছাড়া পুনে ওয়ারিয়র্স এবং বেঙ্গালুরুর হয়েও খেলেছেন এই পেসার। গত মৌসুমে ১৭ উইকেট নিয়ে বেঙ্গালুরুকে প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। চলতি মৌসুমেও তার অভিজ্ঞতা দলের বোলিং আক্রমণে নিয়ন্ত্রণ এনে দিচ্ছে।
টি-টোয়েন্টি ক্রিকেট এখন ব্যাটসম্যানদের জন্য বেশি সহায়ক হলেও সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন ভূবনেশ্বর। ভ্যারিয়েশন ও লাইন-লেংথে উন্নতি এনে এখনও কার্যকর তিনি। যদিও মাঝখানে চোটের কারণে ছন্দ হারিয়েছিলেন, তবে ঘরোয়া ক্রিকেটে ফিরে ফিটনেস ঠিক করে আবারও নিজেকে গড়ে তুলেছেন।
এই মাইলফলকের মাধ্যমে আইপিএলের সেরা বোলারদের তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি। সব মিলিয়ে সর্বোচ্চ উইকেট এখনো চাহালের দখলে থাকলেও পেসারদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন ভূবনেশ্বর।
বিজ্ঞাপন
এর আগে ম্যাচে ব্যাট হাতে দাপট দেখান দেবদত্ত পাড়িক্কাল ও টিম ডেভিড। তাদের ঝড়ো অর্ধশতকে ভর করে ৩ উইকেটে ২৫০ রান তোলে বেঙ্গালুরু- যা চলতি মৌসুমের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

