সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাংলাদেশকে প্লে-অফের অপেক্ষায় রেখে এশিয়ান গেমসে উজবেকিস্তান

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশকে প্লে-অফের অপেক্ষায় রেখে এশিয়ান গেমসে উজবেকিস্তান

এশিয়ান গেমসের টিকিট পাওয়ার লড়াইয়ে শেষ মুহূর্তে এসে ধাক্কা খেয়েছে বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমস হকির বাছাইপর্বের গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে সেমিফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করেছে লাল-সবুজরা। এখন তাদের ভাগ্য নির্ভর করছে আগামীকালের প্লে-অফ ম্যাচের ওপর।

সোমবার ব্যাংককে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর এই ম্যাচে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে উজবেকিস্তানের মিরনশখ অর্থিকবোয়েভ গোল করে দলকে এগিয়ে দেন। তবে বাংলাদেশ হাল ছাড়েনি। প্রথমার্ধের শেষ দিকে, ৩৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল ইসলাম গোল করে সমতা ফিরিয়ে আনেন।


বিজ্ঞাপন


দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক আক্রমণ সাজিয়েছে, কিন্তু কোনো পক্ষই আর গোলের দেখা পায়নি। বিশেষ করে বাংলাদেশ পেনাল্টি কর্নারে বেশ ভুগেছে। ছয়টি পেনাল্টি কর্নার পেয়েও কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা।

তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে শেষ করেছে বাংলাদেশ। উজবেকিস্তানও সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় রানার্সআপ হয়ে সরাসরি সেমিফাইনালে উঠেছে। আগের ম্যাচে বাংলাদেশকে ৩-২ গোলে হারানো শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

টুর্নামেন্টের শুরুতে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে ভালো শুরু করলেও শেষ ম্যাচের ড্র-এর কারণে সেমিফাইনালে যাওয়া হয়নি বাংলাদেশের। ফলে গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে মঙ্গলবার প্লে-অফ ম্যাচ খেলতে হবে তাদের। প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি।

এই প্লে-অফে জয় পেলেই এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে বাংলাদেশ। আর হারলে ছিটকে যাবে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস থেকে। ১১ দলের এই বাছাই প্রতিযোগিতা থেকে মোট ছয়টি দল এশিয়ান গেমসে জায়গা করে নেবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর