আইপিএল ইতিহাসে আরেকটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ম্যাচে ওপেনিংয়ে নেমে ১৮ বলে ২৮ রান করার পথেই তিনি একটি রেকর্ড গড়ে ফেলেন।
চেন্নাইয়ের বিপক্ষে ৩৬টি ম্যাচে কোহলির মোট রান এখন ১১৭৪। এটি আইপিএলে যেকোনো ব্যাটারদের একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এই কীর্তি ছিল রোহিত শর্মার দখলে। তিনি ৩৬ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছিলেন ১১৬১ রান। কোহলি মাত্র কয়েক রানের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন।
বিজ্ঞাপন
ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নামা আরসিবি চিন্নাস্বামী স্টেডিয়ামে দুর্দান্ত এক ইনিংস উপহার দেয়। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে তারা গড়ে তোলে ২৫০ রানের বিশাল স্কোর, যা চলতি আইপিএল মৌসুমের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
দলের ব্যাটিংয়ে ঝড় তুলেন টিম ডেভিড। মাত্র ২৫ বলে ৩টি চার ও ৮টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শেষ দিকে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে যোগ দেন অধিনায়ক রজত পাতিধর, যিনি ১৯ বলে ৪৮ রান করেন। দুজনের মধ্যে ৩৭ বলে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এছাড়া দেবদত্ত পাডিক্কাল ২৯ বলে ৫০ রানের একটি সুন্দর হাফ-সেঞ্চুরি উপহার দেন। ফিল সল্ট করেন ৩০ বলে ৪৬ রান। কোহলির ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংসের পর মাঝের ওভারগুলোতে এই ব্যাটসম্যানরা দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান।
এসটি

