এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে বড় হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তিনি স্বীকার করেছেন, ম্যাচের এক পর্যায়ে দল হাল ছেড়ে দিয়েছিল। এতিহাদ স্টেডিয়ামে ৪-০ গোলে হারের ম্যাচে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে ক্ষুব্ধ এই ডাচ ডিফেন্ডার। প্রথমার্ধেই আর্লিং হালান্ডের জোড়া গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। বিরতির পরপরই আনতোয়ান সেমেনিয়োর গোল ও পরে হালান্ডের হ্যাটট্রিকে ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে যায়।
দলের এমন পারফরম্যান্সে শেষ বাঁশি বাজার আগেই প্রায় ৮ হাজার লিভারপুল সমর্থক স্টেডিয়াম ছেড়ে চলে যান। প্রথমার্ধে হালান্ডকে পেনাল্টি উপহার দেওয়ার দায়ও নিজের কাঁধে নিয়েছেন ফন ডাইক। একই সঙ্গে সতীর্থদেরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ফন ডাইক বলেন, “আমরা যা দেখিয়েছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে- তার জন্য আমি শুধু ভক্তদের কাছে ক্ষমা চাইতে পারি। ড্রেসিংরুম থেকে বেরিয়ে আমরা ম্যাচে ফিরতে চেয়েছিলাম, দ্রুত একটি গোল করে ব্যবধান কমাতে চেয়েছিলাম। কিন্তু ঠিক উল্টোটা হয়েছে। ৩-০ থেকে ফিরে আসা এখানে খুব কঠিন। তবুও আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত ছিল না, কিন্তু একসময় সেটাই হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের ভক্তদের হতাশ করেছি, নিজেদেরও, কোচকেও। দ্বিতীয়ার্ধে যেভাবে খেলেছি, সেটা সবার জন্যই কষ্টের। আমার জন্যও।” এই হারের পর কোচ আর্নে স্লটের ওপর চাপ আরও বেড়েছে। সামনে চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে কঠিন ম্যাচ অপেক্ষা করছে লিভারপুলের জন্য।
দেশীয় শিরোপার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাওয়ায় এখন ইউরোপেই সাফল্য খুঁজতে হবে দলটিকে। পাশাপাশি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। দলকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়ে ফন ডাইক বলেন, “এটা সবার বিষয়। কোচ দায়িত্বে আছেন ঠিকই, কিন্তু মাঠে খেলতে হয় আমাদেরই। সামনে পিএসজি অপেক্ষা করছে, খুব কঠিন ম্যাচ হবে। মানসিকভাবে দ্রুত প্রস্তুত হতে হবে।”
লিভারপুলের জার্সিতে দীর্ঘ সময় খেলার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দলের সবচেয়ে বড় শক্তি ছিল ঐক্য। “এখন আমরা কিছুটা পরিবর্তনের মধ্যে আছি, কিন্তু আবার সেই ঐক্য ফিরিয়ে আনতে হবে।”
বিজ্ঞাপন
পিএসজির দুই ম্যাচের মাঝখানে ফুলহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচও আছে লিভারপুলের। শেষ তিন ম্যাচে বিশেষ কিছু করে দেখানোর তাগিদ দিয়েছেন ফন ডাইক।তার কথায়, “আমাদের নিজেদের জন্য, বিশেষ করে ভক্তদের জন্য দায়িত্ব আছে। যদি এই মৌসুম থেকে কিছু পেতে চাই, তাহলে আগামী তিন ম্যাচে বিশেষ কিছু করতে হবে।
“এই পরিস্থিতি কীভাবে বদলানো যায়, সেটাই ভাবছি। পুরো মৌসুমের বেশির ভাগ সময় আমরা এই অবস্থার মধ্যেই ছিলাম। এটা মেনে নেওয়া কঠিন, এবং সবারই নিজের দিকে তাকাতে হবে।”

