ব্রাজিলের সাবেক তারকা মিডফিল্ডার অস্কার (৩৪) হৃদরোগজনিত সমস্যার কারণে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন। সাও পাওলো ক্লাব গতকাল এই খবর নিশ্চিত করেছে।
গত নভেম্বরে সাও পাওলোর অনুশীলনে শারীরিক পরীক্ষার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অস্কার। তাকে তখন ৫ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। চিকিৎসকরা জানান, তিনি ভাসোভ্যাগাল সিনকোপে (হঠাৎ রক্তচাপ ও হৃৎস্পন্দন কমে অজ্ঞান হয়ে যাওয়া) রোগে ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুসারে তিনি আর ফুটবল খেলা চালিয়ে যেতে পারবেন না। ফলে ক্লাবের সঙ্গে থাকা বাকি দুই বছরের চুক্তি বাতিল করে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন অস্কার।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে অস্কার লিখেছেন, “সাও পাওলোর হয়ে আমি আরও খেলতে চেয়েছিলাম। আমার বয়স ও সামর্থ্য দুটোই ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনা ঘটে গেল। এখন আমি অবসর নিচ্ছি। তবে সমর্থক হিসেবে সবসময় সাও পাওলোর পাশে থাকব। এই ক্লাবেই আমার ক্যারিয়ার শুরু হয়েছিল এবং এখানেই শেষ হচ্ছে।”
অস্কার ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪৮টি ম্যাচ খেলেছেন। ক্লাব পর্যায়ে তিনি উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন। ২০১২ সালে চেলসিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই ইউয়েফা ইউরোপা লিগ জিতেন। ২০১৪-১৫ মৌসুমে চেলসির হয়ে প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা জয় করেন।
২০১৭ সালে তিনি চীনের শাংহাই পোর্টে যোগ দেন এবং সেখানে তিনটি চীনা সুপার লিগ শিরোপা জিতেন। ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে আসেন। কিন্তু দুর্ভাগ্যবশত খুব বেশিদিন খেলতে পারেননি।

