বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক। জাতীয় দলের সাবেক এই স্পিনারকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।
আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবেক এই স্পিনার। রফিককে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া প্রসঙ্গে নাজমুল আবেদিন বলেন, ‘আমরা যদি হিসেব করি আমাদের ৮-১০ জন পেস বোলিং কোচ আছে। কিন্তু আমরা যদি পেছন ফিরে তাকাই তিনজন স্পিন কোচও হয়ত খুঁজে পাব না। ওই জায়গাটা খুবই উদ্বেগের।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক প্রায় রেডিমেড একজন যে এখনই সার্ভ করতে পারবে। এর পাশাপাশি আরও দুই-চারজনকে ভবিষ্যতে হয়ত আমরা দেখতে পারব, আমরা তাদেরকে তৈরি করার চেষ্টা করব। আমরা যত বিকেন্দ্রকরণে যাচ্ছি তখন আমরা বুঝতে পারছি আমাদের যথেষ্ট বিশেষজ্ঞ লোকবল নেই। ওইটাকে মাথায় রেখেই নিয়োগ দেওয়া।’
এর আগে গত ২৬ মার্চ একটি বিশেষ প্রদর্শনী ম্যাচে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন রফিক। তিনি বলেন, ‘আমি তো এটার আশায় বসে আছি। বিসিবি যদি আমার চেয়ে ভালো কোচ পায়, আমি বলব ভালো। আমি চাচ্ছি বাংলাদেশের ক্রিকেট একটা টপ লেভেলে যাক। আমার চেয়ে যদি ভালো কোচ পায় আমাকে কেন নেবে? কিন্তু যদি আমি ওদের চেয়ে বেটার হই, আমি বিসিবিকে অনুরোধ করব যে আমাকে ডাকুন।’
৫৫ বছর বয়সী রফিক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম দিকের তারকা স্পিনারদের একজন। ১৯৯৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে ৩৩ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১০০ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৫ ম্যাচে সমান সংখ্যক উইকেট নিয়েছেন তিনি। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও শিকার করেছেন একটি উইকেট।

