শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন ইতালির কোচ গাত্তুসো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন ইতালির কোচ গাত্তুসো

বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ইতালি। চারবারের চ্যাম্পিয়নদের এমন ভরাডুবির পর দেশটির ফুটবল অঙ্গণ উত্তাল। পদত্যাগ করেছেন ফুটবল ফেডারেশনের প্রধান। এছাড়াও দায়িত্ব ছেড়েছেন জানলুইজি বুফনও। এবার বিশ্বকাপ ব্যর্থতার তিন দিন পর ইতালির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেন্নারো গাত্তুসো।

শুক্রবার এক বিবৃতিতে দেশটির সাবেক এই মিডফিল্ডারের সরে দাঁড়ানোর কথা জানায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি)। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় দলের ব্যর্থতার জেরে পদত্যাগ করেন ফুটবল ফেডারেশনের সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা ও জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান জানলুইজি বুফ্ফন।


বিজ্ঞাপন


গত মঙ্গলবার ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপের প্লে-অফ ফাইনালে বসনিয়ার কাছে টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন ভাঙে ইতালির। এফআইজিসি ওয়েবসাইটকে গাত্তুসো বলেন, “আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায়, ভারাক্রান্ত হৃদয়ে জাতীয় দলের কোচের দায়িত্ব শেষ করছি।”

গত জুনে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে হারের পর বরখাস্ত হওয়া লুসিয়ানো স্পালেত্তির জায়গায় ইতালির কোচ হয়ে আসেন গাত্তুসো। তবে মলদোভার বিপক্ষে পরের ম্যাচেও দায়িত্ব পালন করেন স্পালেত্তি।

গাত্তুসো দায়িত্ব নেওয়ার পর বাছাইপর্বের পরের পাঁচ ম্যাচে জেতে ইতালি। কিন্তু শেষ ম্যাচে নরওয়ের কাছে ৪-১ গোলে হেরে গ্রুপ রানার্স-আপ হিসেবে প্লে অফে জায়গা হয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্লে অফ সেমি-ফাইনালে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতে ১২ বছর পর বিশ্বকাপের টিকেট পাওয়ার সম্ভাবনা জাগায় ইতালি। কিন্তু বসনিয়ার কাছে হেরে সেই অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।

গত দুইবারও প্লে-অফে হেরে বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারেনি ইতালি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর