শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ম্যানসিটিতে রদ্রি খুশি না থাকলে অন্য কোথাও চলে যাক— গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

ম্যানসিটিতে রদ্রি খুশি না থাকলে অন্য কোথাও চলে যাক— গার্দিওলা

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, দলে কেউ অসন্তুষ্ট থাকলে সে চাইলে ক্লাব ছাড়তে পারে। তবে মিডফিল্ডার রদ্রি যত দিন সম্ভব সিটিতেই থাকুক, এটাই তাঁর আশা।

ম্যানসিটির বর্তমান স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রদ্রি। কদিন আগে আন্তর্জাতিক বিরতির সময় তিনি বলেছিলেন, বিশ্বের সেরা ক্লাবগুলোর ডাক ফিরিয়ে দেওয়া কঠিন। স্ইপ্ঙ্গিযানিশ এই মিডফিল্ডারের ইঙ্গিত ছিল রিয়াল মাদ্রিদের দিকে। সেই মন্তব্যের পর থেকেই তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা বাড়ে। ২০১৯ সালে সিটিতে যোগ দেওয়া ২৯ বছর বয়সী স্পেন অধিনায়ক এখন পর্যন্ত খেলেছেন ২৯৩ ম্যাচ। আগামী গ্রীষ্মেই তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।


বিজ্ঞাপন


গার্দিওলা বলেন, “রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলার সুযোগ কেউই সহজে না বলবে না। তবে আমি চাই রদ্রি যত দিন সম্ভব এখানে থাকুক। সে অসাধারণ মানের একজন খেলোয়াড়। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তার নিজের।”

২০২৪ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন রদ্রি। তবে হাঁটুর চোটে গত মৌসুমের প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন তিনি। তাঁর অনুপস্থিতিতে আট বছরের মধ্যে প্রথমবার কোনো বড় শিরোপা জিততে পারেনি সিটি। চলতি মৌসুমেও হ্যামস্ট্রিং সমস্যায় বেশ কিছু ম্যাচ মিস করেছেন রদ্রি। তবুও সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮টি ম্যাচ খেলেছেন এবং ওয়েম্বলিতে আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সিটির জার্সিতে রদ্রির অর্জনও ঈর্ষণীয়- চারটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ, একটি এফএ কাপ ও তিনটি লিগ কাপ। এর আগে স্প্যানিশ গণমাধ্যমকে রদ্রি বলেছিলেন, “অনেক খেলোয়াড়ই আতলেতিকো থেকে রিয়ালে গেছে। হয়তো সঙ্গে সঙ্গে নয়, সময়ের সঙ্গে। আমার কাছে বিশ্বের সেরা ক্লাবের ডাক ফিরিয়ে দেওয়া কঠিন।”

গার্দিওলা অবশ্য মনে করেন, সময়ের সঙ্গে রদ্রি সিটির সঙ্গে নিজের সম্পর্ক আরও গভীর করেছেন এবং তাঁর অবদান ছিল বিশাল। তবে কোচ স্পষ্ট করে দিয়েছেন, রদ্রি যেতে চাইলে তিনি বাধা দেবেন না। গার্দিওলার ভাষায়, “ক্লাব সবার আগে। কোনো খেলোয়াড় যদি খুশি না থাকে, তাকে চলে যেতে হবে। আর যদি খুশি থাকে, তাহলে সে থাকবে। আমার মনে হয় সে খুশিই আছে।


বিজ্ঞাপন


“যদি খুশি না থাকে, তাহলে সে স্পোর্টিং ডিরেক্টরের দরজায় কড়া নাড়তে পারে। তার মান অনুযায়ী কোনো প্রস্তাব এলে সেটি গ্রহণ করতে পারে। এরপর সে আর ক্লাবের নয়, নিজের।” শেষে গার্দিওলা বলেন, ক্লাবের ইচ্ছা পরিষ্কার- রদ্রিকে ধরে রাখা। “ক্লাব আমাকে জানিয়েছে তারা কী চায়- রদ্রি থাকুক, থাকুক, থাকুক। আমারও ইতিবাচক অনুভূতি আছে। তবে শেষ পর্যন্ত কী হবে, তা আমি জানি না।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর