শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

খাবারের ভিডিও থেকে বাংলাদেশ দলে রোনান সুলিভান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

খাবারের ভিডিও থেকে বাংলাদেশ দলে রোনান সুলিভান
পানেনকা শটে গোল করার সময় রোনান সুলিভান। ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ‘পানেনকা’ শটে গোল দিয়ে দুই হাত প্রসারিত করে গ্যালারির দিকে ছুটে গেলেন রোনান সুলিভান। বাংলাদেশি সমর্থকদের উল্লাসে সঙ্গী হয়ে গেলেন বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা। এভাবেই লাল-সবুজের টানা দ্বিতীয় শিরোপা জয়ের উচ্ছ্বাস ছিল একেবারে বাঁধনহারা।

তবে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলে এখন সবচেয়ে আলোচিত নাম এই যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ। ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন উঠেছে কে এই রোনান সুলিভান?


বিজ্ঞাপন


পুরো টুর্নামেন্ট জুড়েই তিনি আলো কেড়েছেন। ১২ নম্বর জার্সি পরলেও মাঠে তার পারফরম্যান্স ছিল খাঁটি স্ট্রাইকারের। খেলেছেনও নাম্বার নাইন পজিশনে। তবে এই সাফল্যের পথ তার জন্য সহজ ছিল না। গত ১৬ মার্চ বাংলাদেশে পা রেখে মাত্র কয়েক দিনের অনুশীলনেই নিজেকে দলের সঙ্গে মানিয়ে নেন রোনান। আর তারপরই বুঝিয়ে দেন, তিনি বিশেষ কিছু করতে এসেছেন।

মালের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয়ে দুটি গোলই করেন তিনি। একটি অসাধারণ ফ্রি-কিকে, অন্যটি নিখুঁত হেডে। ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে তাঁর কর্নার থেকে রিয়াদ গোল করে দলকে এগিয়ে দেন। সেমিফাইনাল ও ফাইনালেও তাঁর বুদ্ধিদীপ্ত ফুটবল দর্শকদের মুগ্ধ করেছে।

কোচিং স্টাফদের মতে, রোনানের সবচেয়ে বড় সম্পদ তাঁর গেম সেন্স এবং দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা। নানীর সূত্রে বাংলাদেশের পাসপোর্ট পাওয়া এই ছেলের দেশের প্রতি ভালোবাসা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি গোলের পর লাল-সবুজ পতাকা নিয়ে তাঁর উল্লাস ছিল একদম অকৃত্রিম।

sulivan_20260404_141640276
 ডেকলান সুলিভান ও রোনান সুলিভান।  

শুধু রোনান নন, ইংল্যান্ডপ্রবাসী ইব্রাহিম নেওয়াজও এই দলে সম্ভাবনাময় এক নাম। টুর্নামেন্টে শুধু প্রথম ম্যাচ খেললেও তাঁর টেকনিক্যাল দক্ষতা ও গেম নলেজ ছিল অসাধারণ। ফিটনেস সমস্যার কারণে বাকি ম্যাচে খেলতে না পারলেও সহকারী কোচ রিদন বলেছেন,  ‘ইব্রাহিম নেওয়াজের গেম নলেজ অত্যন্ত উঁচু মানের। বয়সভিত্তিক ক্যাম্পে তাদের আরও আগে আনা গেলে আরও ভালো ফল পাওয়া যাবে।’

রোনানের ভাই ডেকলানও ফাইনালসহ দুটি ম্যাচে বদলি হয়ে নেমে প্রতিভার ঝলক দেখিয়েছেন। টিম ম্যানেজমেন্টের আশা, ভবিষ্যতে এসব প্রবাসী ফুটবলারদের আরও আগে থেকে ক্যাম্পে যুক্ত করা গেলে দল আরও শক্তিশালী হবে।

যেভাবে বাংলাদেশ দলে সুলিভান ভাইয়েরা

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠা সুলিভান পরিবারের চার ভাইয়ের মধ্যে সবচেয়ে আলোচিত এখন কুইন সুলিভান। তিনি যুক্তরাষ্ট্রের হয়ে যুব বিশ্বকাপ খেলেছেন এবং বর্তমানে মেজর সকার লিগের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন। যে লিগে খেলেন লিওনেল মেসি।

ফিলাডেলফিয়া ইউনিয়নের এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টেই প্রথম উঠে আসে বাংলাদেশের সংযোগ। মূলত খাবারের স্বাদ নিতে নিতে পারিবারিক শিকড় নিয়ে আলোচনা করছিলেন কুইন। সেই আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভুতের বিষয়টি উঠে আসে।

ওই ভিডিওর বর্ণনায় বিবিসি বাংলা লিখেছে, ‘কুইন তখন সরাসরি নাম উল্লেখ না করলেও ভালোবেসে তার নানীর কথা বলেছিলেন। তিনি জানান, তার নানী ঢাকার মেয়ে। সেখান থেকে তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, ভর্তি হন ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ায় এবং সেখান থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি জাতিসংঘেও কাজ করেছেন। পরে জানা যায়, কুইনের সেই নানীর নাম সুলতানা আলম। তিনি বিয়ে করেন ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার জার্মান অধ্যাপক ক্লাউস ক্রিপেনডর্ফকে। এই দম্পতির মেয়ের ঘরে জন্ম নেওয়া চার ভাই কুইন, ক্যাভান, রোনান ও ডেকলান।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান জানান, এই চার ভাইয়ের নানী সুলতানা আলম একজন মুক্তিযোদ্ধা।

এভাবেই এক অপ্রত্যাশিত পারিবারিক গল্পের মাধ্যমে বাংলাদেশ ফুটবলে যুক্ত হয়েছে সুলিভান ভাইয়েরা। আর তাদের মধ্যে রোনান এখন সবার নজর কেড়ে নিয়েছেন।

এআরএম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর