কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বড় জয়ের ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার অভিষেক শর্মা। আইপিএল ২০২৬-এর আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ম্যাচ রেফারি জানিয়েছেন, ২১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলের বড় স্কোর গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অভিষেক আইপিএলের আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন, যা তিনি নিজেও স্বীকার করেছেন।
বিজ্ঞাপন
এই অনুচ্ছেদে এমন শব্দ বা ভাষার ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে, যা অশ্লীল, আপত্তিকর বা অশোভন হিসেবে পরিচিত এবং যা দর্শক বা সম্প্রচার মাধ্যমে শোনা যেতে পারে। নিজের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করতে গিয়ে গালি দেওয়াও এর আওতায় পড়ে।
আইপিএলের বিবৃতিতে বলা হয়, ‘গত বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনসে কেকেআরের বিপক্ষে ম্যাচ চলাকালীন আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে অভিষেক শর্মার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।’
ম্যাচে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন অভিষেক। ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে মাত্র ৫.৩ ওভারে ৮২ রানের জুটি গড়েন তিনি। ৪টি চার ও ৪টি ছক্কা হাঁকানোর পর ব্লেসিং মুজারাবানির বলে আউট হন এই বাঁহাতি ব্যাটার।
এরপর ইনিংস এগিয়ে নেন হাইনরিখ ক্লাসেন, যিনি দ্রুতগতির অর্ধশতক করেন। অলরাউন্ডার নীতিশ রেড্ডিও ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে ২৪ বলে ৩৯ রান করেন। সব মিলিয়ে ২০ ওভারে ২২৬/৮ রান তোলে হায়দরাবাদ।
বিজ্ঞাপন
জবাবে কলকাতার হয়ে ফিন অ্যালেন ঝড়ো সূচনা এনে দেন, প্রথম ওভারেই ডেভিড পেইনের বলে ২৪ রান নেন তিনি। তবে পরে ম্যাচে ফিরে আসে হায়দরাবাদের বোলাররা। অভিজ্ঞ জয়দেব উনাদকাট ৩/২১ নিয়ে কলকাতাকে ১৬ ওভারে ১৬১ রানে গুটিয়ে দেন।
এই জয়ে চলতি আসরে প্রথম জয় পায় হায়দরাবাদ, যারা আগের ম্যাচে চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর কাছে হেরেছিল। পয়েন্ট টেবিলে তারা উঠে এসেছে ছয় নম্বরে, আর টানা দুই হারে কলকাতার অবস্থান এখন নবম।

