ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন জানিয়েছেন, গত গ্রীষ্মে ‘দ্য হান্ড্রেড’-এ খেলার অভিজ্ঞতা তিনি একেবারেই উপভোগ করতে পারেননি, বরং “প্রতিটা মুহূর্তই অপছন্দ” করেছেন। এ বছর টুর্নামেন্ট চলাকালে ছুটিতে থাকার পরিকল্পনাও জানিয়েছেন তিনি।
৪৩ বছর বয়সী এই পেসার, যিনি ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন, ২০২৫ মৌসুমে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে ওয়াইল্ডকার্ড হিসেবে খেলেছিলেন। তবে তিন ম্যাচে মাত্র দুই উইকেট নিয়েই শেষ হয় তার আসর। ২০২৬ মৌসুমের নিলামে নিজের নাম দেননি অ্যান্ডারসন। বরং কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে তিনি এ বছর অধিনায়কত্ব করবেন।
বিজ্ঞাপন
দ্য ইন্ডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত বছর দ্য হান্ড্রেডে প্রতিটা মুহূর্তই আমার খারাপ লেগেছে, যদি এভাবে বলি। আর এ বছর ল্যাঙ্কাশায়ারের অধিনায়ক হওয়াটাও একটা কারণ।”
তিনি আরও বলেন, “চার দিনের ম্যাচগুলোতে নিজেকে যতটা সম্ভব ফিট রাখা খুবই গুরুত্বপূর্ণ। দ্য হান্ড্রেড চলার সময় আমি আশা করি কোথাও ছুটিতে থাকব।” ইংল্যান্ডের হয়ে ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নেওয়া এই কিংবদন্তি পেসার জানিয়েছেন, ল্যাঙ্কাশায়ারকে আবার ডিভিশন ওয়ানে তুলে আনাই এখন তার বড় লক্ষ্য। দলটি উন্নীত হলে নিজের ক্যারিয়ার আরও বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
অ্যান্ডারসন বলেন, “শীতকালে অনেক সময় ভেবেছি, যদি আমরা প্রমোশন পাই এবং আগামী বছর শিরোপার জন্য লড়ার সুযোগ থাকে, তাহলে কি আমি থাকতে চাই? অবশ্যই চাই।”
তবে বাস্তবতার কথাও তুলে ধরেছেন তিনি, “আবার কিছুদিন এমন হয়, সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যেতেই কষ্ট হয়, তখন মনে হয় হয়তো আর এক বছর খেলা সম্ভব না।” দ্য হান্ড্রেড টুর্নামেন্টটি চলবে ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত, আর কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে শুক্রবার থেকেই।

