বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মার্চের আন্তর্জাতিক বিরতি শেষ করল দুর্দান্ত জয় দিয়ে। গতকাল (১ এপ্রিল) লা বম্বোনেরায় জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এর আগে একই মাঠে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারায় লিওনেল স্কালোনির দল।
দুই ম্যাচেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন লিওনেল মেসি। জাম্বিয়ার বিপক্ষে তিনি একটি সুন্দর গোল করেন। ম্যাচের পর অবশ্য তিনি কোনো কথা বলেননি। তবে ইনস্টাগ্রামে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। স্টোরিতে ছবি পোস্ট করে ক্যাপশন দেন ‘সবসময় আর্জেন্টিনা।’
বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। আগামী জুনে ৩৯ বছরে পা দিতে যাওয়া মেসি এখনো সিদ্ধান্ত নেননি। তবে তিনি ক্যারিয়ারে ইতোমধ্যে ৯০২টি গোল করেছেন এবং ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার রেকর্ড গড়তে চান। এর আগে তিনি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন।
আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে রয়েছে। তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।
কোচ লিওনেল স্কালোনি মেসির ভবিষ্যৎ নিয়ে বলেন, “যদি সে সিদ্ধান্ত নেয় এটাই তার শেষ বিশ্বকাপ, তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার হবে। সবাই তাকে দেখতে ও উপভোগ করতে চায়। আমরা তাকে পুরোপুরি সমর্থন দেব। সময় হলে আমরা বসে কথা বলব। সে যদি আসে, তাহলে সবসময়ই জেতার জন্য লড়বে। আমরা আশা করছি সে খেলবে।”

