ব্রাজিলের জায়ান্ট ক্লাব ফ্লামেঙ্গো তাদের বর্তমান কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন হওয়ার পরও আর্থিক অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অফিসিয়াল ওয়েবসাইটে একটি তীব্র বিবৃতি দিয়ে স্পেনের আলমেরিয়া ক্লাবের বিরুদ্ধে প্রায় ১৮ লাখ ইউরোর অর্থ আত্মসাৎ ও চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে।
২০২২ সালে ফ্লামেঙ্গো থেকে ৭ মিলিয়ন ইউরোয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লাজারোকে কিনেছিল আলমেরিয়া। চুক্তিতে স্পষ্ট শর্ত ছিল, স্পেনে প্রযোজ্য কর আলমেরিয়াই পরিশোধ করবে। কিন্তু আলমেরিয়া সেই দায়িত্ব পালন না করায় ফ্লামেঙ্গোকে বাধ্য হয়ে প্রায় ১৫ লক্ষ ইউরো কর দিতে হয়। ফিফা এ বিষয়ে ফ্লামেঙ্গোর পক্ষে রায় দিলেও আলমেরিয়া সেই অর্থ ফেরত দিচ্ছে না। সুদসহ এখন পুরো অঙ্ক দাঁড়িয়েছে ১৮ লক্ষ ইউরোরও বেশি। এই টাকা আলমেরিয়া গত ৫৯০ দিন ধরে পরিশোধ করেনি বলে অভিযোগ করেছে ফ্লামেঙ্গো।
বিজ্ঞাপন
বিবৃতিতে সবচেয়ে আলোচিত অংশ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম উল্লেখ। ফ্লামেঙ্গো জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে রোনালদো আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন। নতুন মালিক হিসেবে রোনালদোর ওপরও এই দায় চাপিয়ে দিয়ে ব্রাজিলিয়ান ক্লাবটি বলেছে, এমন খেলাপি আচরণ আন্তর্জাতিক ফুটবলের সততা ও চুক্তির নিয়ম লঙ্ঘন করছে।
স্পোর্টিকোর তথ্য অনুসারে, ৪১ বছর বয়সী রোনালদোর মোট সম্পদ প্রায় ২৫২ কোটি ডলার। ফ্লামেঙ্গোর দাবি করা এই অর্থ তার কাছে নিতান্তই নগণ্য। তাই ক্লাবটি আশা করছে, রোনালদোর মতো বড় তারকার মালিকানাধীন ক্লাব এ ধরনের অপেশাদার আচরণ থেকে সরে এসে দ্রুত দেনা মেটাবে।
বিষয়টি এখন ক্রীড়া আদালতের অধীনে রয়েছে। ফিফার রায়কে আলমেরিয়া চ্যালেঞ্জ করায় মামলা আরও জটিল হয়েছে। এখন পর্যন্ত রোনালদো কিংবা আলমেরিয়া কর্তৃপক্ষ এই অভিযোগ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এসটি

