বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে ইরানকে: ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে ইরানকে: ফিফা সভাপতি

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ইরানকে তাদের বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলতে হবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের এমন মন্তব্যের পর ইরানের ভেন্যু বদলের চেষ্টা কার্যত শেষ হয়ে গেল।

ইরানের ওপর চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর যৌথ হামলার জেরে এবারের বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানায় ইরানের ফুটবল ফেডারেশন। গ্রুপপর্বের ম্যাচগুলো তারা মেক্সিকোতে সরানোর দাবি জানায়।


বিজ্ঞাপন


গত মাসের শুরুর দিকে ইরান ফেডারেশন জানিয়েছিল, ভেন্যু পরিবর্তনের বিষয়ে ফিফার সঙ্গে তারা আলোচনা করছে। অন্যদিকে ইরানের ক্রীড়া মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় এবং ক্লাব পর্যায়ের ক্রীড়া দলগুলোকে তাদের শত্রুভাবাপন্ন মনে করা দেশগুলোতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ইরান। সেই ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেন ইনফান্তিনো। বিশ্বকাপের তিন মাসেরও কম সময় বাকি থাকায় ইরানের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে ফিফা সভাপতি বলেন, “না, না। ড্র অনুযায়ী ম্যাচগুলো যেখানে হওয়ার কথা সেখানেই হবে।

“মনে হচ্ছে আমরা সঠিক মাঠেই থাকব। আমরা আনন্দিত কারণ তারা একটি অত্যন্ত, অত্যন্ত শক্তিশালী দল, যেমনটি আমরা আজ দেখেছি। আমি খুব খুশি। আমি দলটিকে দেখেছি, আমি খেলোয়াড় এবং কোচদের সাথে কথা বলেছি।”

গত বছর মার্চে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া ইরান বিশ্বকাপের ‘জি’ গ্রুপে আছে। সূচি অনুযায়ী, বেলজিয়াম, মিশর ও নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের গ্রুপপর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে। গত মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের জাতীয় দল যুক্তরাষ্ট্রে খেলার জন্য আমন্ত্রিত থাকলেও এটি তাদের ‘জীবন ও নিরাপত্তার’ জন্য উপযুক্ত নাও হতে পারে।


বিজ্ঞাপন


তবে পরবর্তীতে ট্রাম্প স্পষ্ট করে জানান, ইরানের খেলোয়াড়দের ওপর কোনো হুমকি যুক্তরাষ্ট্র থেকে আসবে না। মঙ্গলবার ইরানের খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কথা বলার সময় ইনফান্তিনো তাদের সমর্থনের প্রতিশ্রুতি দেন। তবে যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো এড়িয়ে চলেন।

ইরানের ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে ইনফান্তিনো বলেন, “এখন থেকে বিশ্বকাপ পর্যন্ত, আমি ইরান জাতীয় দলকে সমর্থন করার জন্য যা কিছু করতে পারি তা করব।” “যদি আপনারা একটি প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করতে চান অথবা দেশের বাইরে কার্যক্রম সম্পর্কিত কোনো বিষয় থাকে, সেটি যা-ই হোক না কেন, আমি সাহায্য করব। আপনারা যখনই চান, দয়া করে যোগাযোগ রাখবেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত এবং আপনাদের যা কিছু প্রয়োজন আমি সাহায্য করব।”

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর