বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দুই তারকা ব্যাটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দুই তারকা ব্যাটার

আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েই বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাস। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটে পা রাখেন তিনি। সেই সিরিজে দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি বিরাট কোহলির সঙ্গে তর্কে জুড়ে এবং জসপ্রীত বুমরাহর বলে সাহসী শট খেলে ধারাভাষ্যকার এবং সমর্থকদের নজর কাড়েন তিনি। তবে এরপর দলে জায়গা ধরে রাখতে পারেননি এই ওপেনার। এবার বাদ পড়লেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। 

 ২০২৬-২৭ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত ২১ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে বড় চমক হয়ে এসেছে তরুণ ওপেনার স্যাম কনস্টাস এবং অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের বাদ পড়া।


বিজ্ঞাপন


আগামী আগস্ট থেকে শুরু হওয়া ১২ মাসে অস্ট্রেলিয়া খেলবে মোট ২০টি টেস্ট ম্যাচ। এই ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই দল গঠনে টেস্ট ও মাল্টি-ফরম্যাট ক্রিকেটারদের ওপর জোর দিয়েছে নির্বাচকরা।

ফর্মহীনতার কারণে ২০ বছর বয়সী কনস্টাসের বদলে দলে জায়গা পেয়েছেন ৩১ বছর বয়সী ওপেনার জেক ওয়েদারাল্ড। অন্যদিকে, টেস্ট-কেন্দ্রিক পরিকল্পনার কারণে সাদা বলের বিশেষজ্ঞ ম্যাক্সওয়েল ও ম্যাট শর্টও বাদ পড়েছেন। এছাড়া অবসর নেওয়া ওপেনার উসমান খাজা এবং ইনজুরিতে থাকা পেসার ল্যান্স মরিসও স্বাভাবিকভাবেই তালিকায় নেই।

সবচেয়ে বড় চমক হিসেবে ধরা হচ্ছে পেসার ঝাই রিচার্ডসনের বাদ পড়া। চার বছর পর অ্যাশেজে টেস্ট খেলে আলোচনায় আসা এই ২৯ বছর বয়সী পেসারকে ভবিষ্যতের সম্ভাবনাময় বোলার হিসেবে ভাবা হচ্ছিল। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডের উত্তরসূরি হিসেবেও তার নাম শোনা যাচ্ছিল। তবে নির্বাচকরা রিচার্ডসনের বদলে অ্যাশেজজয়ী পেসার ব্রেন্ডন ডগেট ও মাইকেল নেসারকে সুযোগ দিয়েছেন।

নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেন, “আগামী ১২ মাসে আমাদের সামনে বিভিন্ন কন্ডিশনে ব্যস্ত টেস্ট সূচি রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই চুক্তির তালিকায় টেস্ট ও মাল্টি-ফরম্যাট ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে।”


বিজ্ঞাপন


আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নতুন মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর জিম্বাবুয়েতে তিনটি ওয়ানডে, দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে তারা। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার পর শুরু হবে টানা টেস্ট ব্যস্ততা- ১৪ সপ্তাহে ১০টি টেস্ট ম্যাচ। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি টেস্টের সিরিজ রয়েছে ডিসেম্বর-জানুয়ারিতে।

জানুয়ারি ২১ থেকে শুরু হবে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। আর ২০২৭ সালের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ বছর পূর্তি টেস্ট দিয়ে মৌসুম শেষ করবে অস্ট্রেলিয়া।

২০২৬-২৭ মৌসুমে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটাররা:
জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, ব্রেন্ডন ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার, অ্যাডাম জাম্পা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর