ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আগামী মৌসুমের জন্য পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এবার মোট ২১ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন এই সম্মানজনক চুক্তিতে। আগের তালিকা থেকে বাদ পড়েছেন ছয়জন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা অনুসারে প্রতি মৌসুমে ২০ থেকে ২৪ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখা হয়। এবারের তালিকায় কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
পেসার ব্রেন্ডন ডগেট প্রথমবারের মতো পূর্ণ কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন। ওপেনার জেক ওয়েদারাল্ড গত মৌসুমে উন্নীত চুক্তি ধরে রেখেছেন। এছাড়া পেসার মাইকেল নেসার ও স্পিনার টড মারফি আবারও পূর্ণ চুক্তিতে ফিরে এসেছেন।
বিজ্ঞাপন
জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, ব্রেন্ডন ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।
অবসর নেওয়া ওপেনার উসমান খাজা ছাড়াও বাদ পড়েছেন স্যাম কনস্টাস, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন ও ম্যাট শর্ট।
অস্ট্রেলিয়ার নতুন মৌসুম শুরু হবে আগস্টে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। এরপর সেপ্টেম্বর-অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে তারা।
এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজের পাশাপাশি ১৪ সপ্তাহে ১০টি টেস্ট ম্যাচ খেলার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্ট (ঘরে), ভারতের বিপক্ষে পাঁচ টেস্ট (বাইরে) এবং মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ১৫০তম বার্ষিকী টেস্ট রয়েছে।
বিজ্ঞাপন
পুরুষ দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, “চুক্তির তালিকা তৈরির সময় আমরা খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি পারফরম্যান্সের পাশাপাশি সামনের ব্যস্ত সূচিকেও গুরুত্ব দিয়েছি। আগামী এক বছরে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ড সফরসহ বিভিন্ন কন্ডিশনে কঠিন চ্যালেঞ্জ আসছে।”
তিনি আরও যোগ করেন, “টেস্ট এবং একাধিক ফরম্যাটে দক্ষ খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হয়েছে। প্রয়োজনে চুক্তির বাইরের খেলোয়াড়দেরও সুযোগ দেওয়া হবে। খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত রাখতে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় আরও বাড়ানো হবে।”
এসটি

