শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বৈভব সূর্যবংশীর জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন সাবেকরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

বৈভব সূর্যবংশীকে জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন সাবেকরা

মাত্র ১৫ বছর বয়স। কিন্তু ক্রিকেট মাঠে তাঁর ব্যাট যেন অভিজ্ঞতার সব হিসাব উলটে দিচ্ছে। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন।

গত শুক্রবার ১৫ বছর পূর্ণ করেছেন বৈভব। আর মাত্র তিন দিন পর সোমবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করে রাজস্থানকে ৮ উইকেটের সহজ জয় এনে দিয়েছেন। এই ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটাররা।


বিজ্ঞাপন


গত মৌসুমে আইপিএলে অভিষেকেই তিনি সাড়া ফেলেছিলেন। প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন, আরেক ম্যাচে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, চলতি বছরের শুরুতে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়েও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের খেতাবও জিতেছেন তিনি।

প্রথম মৌসুমে বৈভবকে নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাস হয়েছে বলে মনে করতেন সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ। তিনি তখন বলেছিলেন, তরুণদের জাতীয় দলে তাড়াহুড়ো করে সুযোগ দেওয়া উচিত নয়। কিন্তু এক বছর পর তাঁর অবস্থান পুরোপুরি বদলে গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কাইফ লিখেছেন, “এখন মনে হয় বৈভব পরবর্তী স্তরের জন্য একদম প্রস্তুত। ১৫ বছরের এই ছেলেটি শুধু দর্শকদের আনন্দ দেয় না, ম্যাচ জিতিয়েও দিতে পারে।”

সাবেক লেগ-স্পিনার পীযূষ চাওলাও একই সুরে কথা বলেছেন। ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, “যদি এভাবেই খেলতে থাকে, তাহলে তাকে খুব শিগগিরই জাতীয় দলে দেখতে চাই। গত এক বছর ধরে অনূর্ধ্ব-১৯ কিংবা ঘরোয়া ক্রিকেট, যেখানেই খেলেছে, বড় বড় সেঞ্চুরি করেছে।”


বিজ্ঞাপন


অন্যদিকে আম্বাতি রাইডু বৈভবের প্রতিভাকে একেবারে অনন্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “দেশের অন্য তরুণদের থেকে সে অনেক আলাদা। ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের জন্য সে নিশ্চয়ই বড় কিছু করবে।” 

তবে বাস্তবতার কথাও তুলে ধরেছেন রাইডু। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে জায়গা করে নেওয়া সহজ নয় বলে মনে করেন তিনি। “দল এখন বিশ্বচ্যাম্পিয়ন। তাই হঠাৎ করে কারও জায়গা নেওয়া কঠিন। তবে ভবিষ্যতে তার সময় আসবেই।”

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর