মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০১:১০ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি

ব্রাজিল জাতীয় ফুটবল দলকে ঘিরে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি এখন বেশ চূড়ান্ত পর্যায়ে। দলের হেড কোচ কার্লো আনচেলত্তি সম্প্রতি জানিয়েছেন, তার পরিকল্পিত স্কোয়াড প্রায় প্রস্তুত। যা ইঙ্গিত দিচ্ছে বড় কোনো পরিবর্তনের সুযোগ এখন খুবই সীমিত।

ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, তিনি ইতোমধ্যে তার মূল একাদশ ও সম্ভাব্য ২৬ সদস্যের দলে কারা থাকবেন সে বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন। জানা গেছে, আগামী ১৮ মে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে, যা ফিফার নির্ধারিত সময়সীমারও আগে।


বিজ্ঞাপন


এই ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলের অভিজ্ঞ তারকা  নেইমার। দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমার ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি। যদিও তিনি একাধিকবার বিশ্বকাপে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন, তবুও ফিটনেস ঘাটতির কারণে কোচের আস্থায় জায়গা করে নিতে পারেননি।

আনচেলত্তির অধীনে গত এক বছরে ব্রাজিল দলে নতুনদের উত্থান চোখে পড়ার মতো। তরুণদের নিয়ে দল গড়ার এই প্রক্রিয়ায় অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য জায়গা ক্রমেই সংকুচিত হয়েছে। কোচ নিজেও জানিয়েছেন, দল নির্বাচনে তিনি ফিটনেস ও সমন্বয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। যা নেইমারের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

মার্চ আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচগুলো ছিল দল যাচাইয়ের গুরুত্বপূর্ণ মঞ্চ। তবে ইনজুরির ধাক্কা থেকে পুরোপুরি মুক্ত নয় দলটি। রক্ষণভাগের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতির পাশাপাশি তরুণ প্রতিভা এস্তেভাওয়ের চোট এবং রাফিনহার ইনজুরি আক্রমণভাগের পরিকল্পনায় নতুন সমীকরণ তৈরি করেছে।

এমন পরিস্থিতিতে নেইমারের দলে ফেরা এখন সময়ের বিরুদ্ধে লড়াই। ব্রাজিল যদি ১৮ মে স্কোয়াড ঘোষণা করে, তাহলে তার সামনে নিজেকে প্রমাণের জন্য হাতে থাকবে দুই মাসেরও কম সময়। যা বাস্তবিক অর্থেই কঠিন চ্যালেঞ্জ।


বিজ্ঞাপন


সবকিছুর পরও আনচেলত্তি আশাবাদী। তার বিশ্বাস, গত এক বছরে খেলোয়াড় বাছাই ও দল গঠনের প্রক্রিয়া ইতিবাচক হয়েছে এবং ব্রাজিল ‘হেক্সা’ ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণে সক্ষম। তবে বর্তমান পরিস্থিতি বলছে, সেই অভিযানে হয়তো নেইমারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে সেলেসাওদের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর