শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর ভাতিজিকে ব্যঙ্গাত্মক পোস্ট করায় ৮৮ লাখ টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করায় ৮৮ লাখ টাকা জরিমান

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তারকা পেসার নাসিম শাহকে কেন্দ্রীয় চুক্তির শর্ত ভঙ্গ এবং সোশ্যাল মিডিয়া নীতিমালা লঙ্ঘনের দায়ে ২ কোটি রুপি অর্থদণ্ড দিয়েছে (বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৮৮ লাখ ১৫ হাজার টাকা)। শৃঙ্খলার প্রতি কঠোর অবস্থান নিয়ে বোর্ডের এই সিদ্ধান্তের পর নাসিম নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং তার সোশ্যাল মিডিয়া উপদেষ্টাকে বরখাস্ত করেছেন। পিসিবি ওই উপদেষ্টাকে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করারও ঘোষণা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে এইচবিএল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের উপস্থিতিতে আয়োজিত সেই অনুষ্ঠানের পর নাসিম তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, “লর্ডসে আমাকে রানির মতো সম্মান দেওয়া হচ্ছে কেন?” পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং রাজনৈতিক-ক্রীড়া মহলে তুমুল বিতর্কের সৃষ্টি করে।


বিজ্ঞাপন


পরে নাসিম দাবি করেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং পোস্টটি তিনি করেননি। তবে পিসিবির তদন্তে এই অজুহাত টেকেনি। বোর্ড তাকে কারণ দর্শানো নোটিশ দিয়ে জানায়, এই ধরনের কর্মকাণ্ড মিডিয়া পলিসি ও কেন্দ্রীয় চুক্তির সরাসরি লঙ্ঘন। শৃঙ্খলা কমিটির মতে, নাসিম পেশাদারিত্ব ও ক্রিকেটীয় অখণ্ডতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন।

পিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “খেলোয়াড়দের আচরণবিধি ও পেশাদার মর্যাদা রক্ষায় আমরা কোনো ছাড় দিতে প্রস্তুত নই।”

এবারের পিএসএল ইতিমধ্যেই রাজনৈতিক স্পর্শকাতরতা ও আঞ্চলিক অস্থিরতার কারণে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তার ওপর মাঠের পারফরম্যান্সেও নাসিমের সময়টা ভালো যাচ্ছে না। সাম্প্রতিক এক ম্যাচে ৫১ রান খরচ করেও উইকেটশূন্য থেকেছেন তিনি। দেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ১৫২ উইকেট নেওয়া এই তরুণ ফাস্ট বোলারের ক্যারিয়ারে এই বিশাল জরিমানা এক বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

ঘটনাটিকে অনেকেই উদীয়মান ক্রিকেটারদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একটি কড়া সতর্কবার্তা বলে মনে করছেন। পিসিবি স্পষ্ট করে দিয়েছে যে, তারকা হলেও শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ নেই।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর