লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিকে দলীয় শৃঙ্খলা ও নিরাপত্তা প্রোটোকল ভঙ্গের দায়ে ১০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ৩,৫০০ ডলার) জরিমানা করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
শনিবার রাতে দলীয় হোটেলে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঞ্জাব পুলিশের অভিযোগ অনুসারে, আফ্রিদি ও সিকান্দার রাজা নিরাপত্তা নির্দেশনা অমান্য করে চারজন অতিথিকে জোর করে রাজার কক্ষে নিয়ে যান। নিরাপত্তাকর্মীরা বাধা দিলেও তা উপেক্ষা করা হয়। এরপর পুলিশ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আনুষ্ঠানিক চিঠি দিয়ে অভিযোগ জানায়।
বিজ্ঞাপন
তবে লাহোর কালান্দার্স বিষয়টিকে ‘ইচ্ছাকৃত নিয়ম ভঙ্গ’ হিসেবে দেখছে না। ফ্র্যাঞ্চাইজির বিবৃতিতে বলা হয়, এটি মূলত একটি ‘ভুল বোঝাবুঝি’। তারা মনে করে, ঘটনাটি অপ্রয়োজনীয়ভাবে বড় করে দেখানো হয়েছে, যা পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আফ্রিদির ওপর জরিমানা আরোপ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
সিকান্দার রাজা নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে বলেন, গত চারটি পিএসএল আসরেই তিনি হোটেলে পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করেছেন। নতুন মৌসুমে নিরাপত্তা নীতিমালায় কী পরিবর্তন এসেছে, সে সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তিনি জানান, বন্ধুরা ক্রিকেট ব্যাট বাছাই করার জন্যই কক্ষে আসেন।
এখনো পর্যন্ত সিকান্দার রাজার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা লাহোর কালান্দার্স জানায়নি।
এসটি

