সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

মেসিদের লিগে না যেতে সালাহর কাছে সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

মেসিদের লিগে না যেতে সালাহর কাছে সতর্কবার্তা

মোহামেদ সালাহর লিভারপুল অধ্যায় শেষ হতে চলেছে। ৩৩ বছর বয়সী মিসরীয় তারকা কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছেন যে, চলতি মৌসুমই অ্যানফিল্ডে তাঁর শেষ মৌসুম। নয় বছরের সফল সম্পর্কের ইতি ঘটিয়ে এবার নতুন চ্যালেঞ্জ খুঁজছেন প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফরোয়ার্ড। তবে কোথায় যাবেন তিনি- ইউরোপ, সৌদি আরব নাকি যুক্তরাষ্ট্রের এমএলএস; সেটা এখনো স্পষ্ট নয়।

সালাহর ভবিষ্যৎ নিয়ে ইতোমধ্যে গুঞ্জনের ঝড় উঠেছে। ইউরোপের বড় ক্লাবগুলোর সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়েছে, আবার এমএলএসের দিকেও আলোচনা চলছে। কিন্তু মিসর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন, এমএলএসে যাওয়া সালাহর জন্য ঠিক সিদ্ধান্ত হবে না।


বিজ্ঞাপন


ইব্রাহিম হাসান বলেন, “ব্যক্তিগতভাবে আমি চাই সালাহ ইউরোপেই থাকুক। পিএসজি, বায়ার্ন মিউনিখ এবং ইতালিয়ান লিগের কয়েকটি ক্লাব থেকে প্রস্তাবের কথা শুনেছি।” তাঁর মতে, এমএলএসে গেলে সালাহ ধীরে ধীরে স্পটলাইটের বাইরে চলে যাবেন। “এমএলএসে গেলে ওকে আর কেউ মনে রাখবে না। আমি এখন মেসিকে তেমন স্মরণও করি না বা দেখার চেষ্টা করি না। সালাহর ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে,” যোগ করেন তিনি।

ইব্রাহিমের পরামর্শ, ইউরোপে থাকা সম্ভব না হলে সৌদি প্রো লিগ ভালো বিকল্প হতে পারে। “যদি ইউরোপ থেকে কোনো আকর্ষণীয় প্রস্তাব না আসে, তাহলে সৌদি লিগে যাওয়া যেতে পারে। সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বড় তারকারা খেলছেন, যা পরিবেশকে আরও উন্নত করেছে,” বলেছেন মিসরীয় কর্মকর্তা।

এদিকে এমএলএস কমিশনার ডন গারবার সালাহকে তাঁদের লিগে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে কোনো এমএলএস ক্লাব এখনো আনুষ্ঠানিকভাবে আগ্রহ দেখায়নি। অন্যদিকে সৌদি প্রো লিগের কয়েকটি শক্তিশালী ক্লাব (যেমন আল-হিলাল, আল-ইত্তিহাদ, আল-নাসর) দীর্ঘদিন ধরে সালাহকে নজরে রেখেছে এবং বড় অফার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর রয়েছে।

সালাহ লিভারপুলে থাকাকালীন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা জিতেছেন এবং অসংখ্য ব্যক্তিগত পুরস্কার ঘরে তুলেছেন। তাঁর এই সিদ্ধান্তের পর ফুটবলবিশ্বের নজর এখন তাঁর পরবর্তী গন্তব্যের দিকে। ইউরোপের শীর্ষ পর্যায়ে আরও কয়েক বছর খেলতে চান কি না, নাকি নতুন লিগে গিয়ে নিজেকে নতুন করে সাজাতে চান। সেটা জানতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর