পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক বাবর আজম বড় ধরনের আইনি স্বস্তি পেয়েছেন। লাহোর হাইকোর্ট তাঁর বিরুদ্ধে দায়ের করা যৌন হয়রানি, বিয়ের প্রতিশ্রুতি না রাখা ও আর্থিক শোষণের অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে।
হামিজা মুখতার নামের এক নারীর করা অভিযোগের ভিত্তিতে ‘জাস্টিস অব দ্য পিস’ আদালত আগে বাবর আজমের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিলেন। বিচারক আসজাদ জাভেদ ঘুরালের আট পৃষ্ঠার রায়ে উভয়পক্ষের যুক্তি-প্রমাণ পর্যালোচনা করে লাহোর হাইকোর্ট সেই নির্দেশ বাতিল করে দেয়।
বিজ্ঞাপন
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, অভিযোগকারীর দাবি অনুসারে আট বছরের সম্পর্কের কথা উল্লেখ করা হলেও অভিযোগ দায়েরে দীর্ঘ দেরি হয়েছে, যা অভিযোগের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে। এছাড়া অভিযোগগুলোর পক্ষে কোনো জোরালো প্রমাণ উপস্থাপন করা হয়নি। শুধু বিয়ের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার কারণে এত দেরিতে আইনি পদক্ষেপ নেওয়া যুক্তিসঙ্গত নয় বলে আদালত মনে করে।
হাইকোর্ট আরও বলেছে, জাস্টিস অব দ্য পিস যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এফআইআরের আদেশ জারি করেছিলেন, যা আইনগতভাবে ত্রুটিপূর্ণ। ফলে বাবর আজমের করা আবেদন মেনে নিয়ে পুরো প্রক্রিয়া বাতিল করা হয়েছে।
এই রায়ের ফলে বাবর আজমের বিরুদ্ধে আনা সব অভিযোগ আইনিভাবে অবসান হয়েছে। পাকিস্তান ক্রিকেটপ্রেমীদের মধ্যে এটি বড় স্বস্তির খবর। বাবর এখন কোনো আইনি জটিলতা ছাড়াই পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দিতে পারবেন, বিশেষ করে চলমান পিএসএলসহ আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলোতে।

