রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

রউফের সতীর্থ হচ্ছেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

রউফের সতীর্থ হচ্ছেন অশ্বিন

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নতুন চ্যালেঞ্জ খুঁজে নিয়েছেন যুক্তরাষ্ট্রের মাটিতে। তিনি মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফ্র্যাঞ্চাইজি সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। 

শনিবার (২৮ মার্চ ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই খবর নিশ্চিত করে ইউনিকর্নস। এটি এমএলসির আসন্ন চতুর্থ মৌসুমে হবে, যেখানে অশ্বিন হবেন প্রথম ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার যিনি এই লিগে অংশ নেবেন।


বিজ্ঞাপন


নতুন দলে অশ্বিনের সতীর্থ হিসেবে থাকছেন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ। দুই প্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটারদের একই ড্রেসিংরুমে দেখার সম্ভাবনা ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

গত বছর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার চুক্তি হয়েছিল অশ্বিনের। কিন্তু হাঁটুর চোটের কারণে শেষ মুহূর্তে তাঁকে সরে দাঁড়াতে হয়। পরবর্তীতে ওই চোটের জন্য অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে। এখন সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে প্রস্তুত তিনি।

ইউনিকর্নসে যোগ দেওয়ার পর অশ্বিন বলেন, “গত কয়েক বছরে মেজর লিগ ক্রিকেট নিজেকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা এখানে অংশ নিচ্ছেন। একই সঙ্গে এটি আমেরিকার স্থানীয় ক্রিকেটারদের জন্যও নতুন দরজা খুলে দিচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “এই লিগে খেলা আমার জন্য এক বড় দায়িত্ব। আমি চাই দলকে সাফল্য এনে দিতে এবং প্রথমবারের মতো শিরোপা জয়ে অবদান রাখতে। পাশাপাশি মানসম্মত ক্রিকেট উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করতে চাই।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর