পাকিস্তান ক্রিকেট অঙ্গনে ফের উত্তেজনা। সাবেক টেস্ট অধিনায়ক ও নির্বাচক মিসবাহ-উল-হক তাঁর সাবেক সতীর্থ আহমেদ শেহজাদকে হতক অজ্জত (মানহানি) মামলার আইনি নোটিশ পাঠিয়েছেন।
সামা টিভি ও অন্যান্য সূত্র জানায়, শেহজাদ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মিসবাহ-উল-হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেন, তরুণ উইকেটরক্ষক-ব্যাটার হাসিবুল্লাহ খানকে শাহিন্স দলের হয়ে ভালো পারফরম্যান্স সত্ত্বেও পুরো সিজন বেঞ্চে বসিয়ে রাখা হয়। প্রশ্ন তোলায় তাঁর বেতনও আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শেহজাদ।
বিজ্ঞাপন
মিসবাহ-উল-হক এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, এমন বক্তব্য তাঁর ব্যক্তিগত সম্মান ও সুনামের ওপর চরম আঘাত করেছে। ফলে তিনি আইনি পথ বেছে নিয়ে শেহজাদকে আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছেন। নোটিশে অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে স্পষ্ট ব্যাখ্যা ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
আহমেদ শেহজাদের আইনজীবীরা বর্তমানে নোটিশটি বিস্তারিত পর্যালোচনা করছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী এক-দুই দিনের মধ্যে তাঁদের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব দেওয়া হতে পারে। দুই পক্ষের আইনজীবীদের মধ্যে আলোচনাও চলছে বলে খবর পাওয়া গেছে।
এই ঘটনা পাকিস্তানের ডোমেস্টিক ক্রিকেট ও নির্বাচন ব্যবস্থা নিয়ে চলমান অসন্তোষেরই প্রতিফলন। আহমেদ শেহজাদ কিছুদিন ধরে যুব ক্রিকেটারদের সঙ্গে কথিত অন্যায় আচরণের বিষয়ে সরব রয়েছেন। মিসবাহ-উল-হক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাচক ও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর আমলে নির্বাচন নিয়ে একাধিক বিতর্ক দেখা গেছে।
এসটি

