বিতর্কিত এক পোস্টের জেরে পাকিস্তানের পেসার নাসিম শাহকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে করা একটি টুইট ঘিরেই এই সিদ্ধান্ত।
ঘটনার সূত্রপাত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ১১-এর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরিয়ম নওয়াজ। সেখানে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি তাকে স্বাগত জানান এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে খেলোয়াড়দের সঙ্গেও পরিচয় করানো হয় তাকে।
বিজ্ঞাপন
এর কিছুক্ষণ পরই নাসিম শাহর ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট ভাইরাল হয়ে যায়। সেখানে পিসিবির একটি পোস্ট কোট করে লেখা ছিল, “লর্ডসে রাণীর মতো করে তাকে কেন সম্মান করা হচ্ছে?”
পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। পরবর্তীতে নাসিম শাহ দাবি করেন, পোস্টটি তিনি নিজে করেননি। তার ভাষ্য অনুযায়ী, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। “নাসিমের এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল, এখন তা পুনরুদ্ধার করা হয়েছে,” এক বিবৃতিতে জানান তিনি।
তবে এই ব্যাখ্যা সত্ত্বেও পিসিবি বিষয়টি হালকাভাবে নেয়নি। কেন্দ্রীয় চুক্তির শর্ত ভঙ্গ এবং মিডিয়া নীতিমালা লঙ্ঘনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
পিসিবি এক বিবৃতিতে জানায়, “কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং মিডিয়া নীতিমালা ভঙ্গের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার ও রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির পেসার নাসিম শাহকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”
বিজ্ঞাপন
বোর্ড আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে নাসিমকে জবাব দিতে হবে। তার উত্তরের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে প্রায় ৮ কোটি ৬৫ লাখ রুপিতে দলে নেওয়া হয় নাসিম শাহকে। তিনি চলতি পিএসএল মৌসুমে রাওয়ালপিন্ডি দলের হয়ে খেলবেন। তবে এই শাস্তিমূলক প্রক্রিয়ার কারণে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

