শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

দেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১১:৫১ এএম

শেয়ার করুন:

দেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা দূর করে স্পষ্ট অবস্থান জানালেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, আসন্ন আইপিএল সম্প্রচারে কোনো ধরনের বাধা নেই।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া নিষেধাজ্ঞার পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।


বিজ্ঞাপন


ডয়চে ভেলের বরাতে স্বপন বলেন, “আমাদের কাছে আইপিএল সম্প্রচারের জন্য কেউ আবেদন করেনি। আমরা খেলাধুলার সঙ্গে রাজনীতি মিশাতে চাই না। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখব, কেউ আবেদন করলে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব।”

স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারবে কি না, এমন প্রশ্নে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন যে এতে কোনো বাধা নেই। “আমরা কাউকে সম্প্রচারে বাধা দেব না। স্টার স্পোর্টস চাইলে তারা দেখাতে পারে। আমাদের কোনো চ্যানেল চাইলে সেটিও ইতিবাচকভাবে দেখা হবে, তবে আমরা কাউকে বাধ্য করব না,” বলেন তিনি।

এদিকে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দপ্তর সম্পাদক রেজাউল করিম লাবলুও একই সুরে কথা বলেছেন। “স্টার স্পোর্টস যদি বাংলাদেশে আইপিএল দেখায়, তারা তা করতে পারবে, কারণ আমাদের কেউ এটি বন্ধ করতে বলেনি,” তিনি বলেন।

তিনি আরও যোগ করেন, “অন্তর্বর্তী সরকারের সেই নির্দেশনার এখন আর কোনো মূল্য নেই। বর্তমান সরকার যদি আমাদের বন্ধ করতে বলে, তখন আমরা তা করব, কারণ আগের সরকারের নির্দেশনা এখন কার্যকর নয়।”


বিজ্ঞাপন


প্রসঙ্গত, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এর আগে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছিল। এখন নতুন সরকারের অবস্থানে সেই নিষেধাজ্ঞা কার্যত তুলে নেওয়া হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর