ইন্টার মায়ামির নতুন স্টেডিয়ামে বিশেষ সম্মান পাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ক্লাবটি ঘোষণা দিয়েছে, তাদের নতুন ভেন্যুর একটি দর্শক গ্যালারির নাম রাখা হবে মেসির নামে।
শুক্রবার এক বিবৃতিতে মেজর লিগ সকারের দলটি জানায়, ২৬,৭০০ আসনবিশিষ্ট নতুন স্টেডিয়াম ‘নু স্টেডিয়াম’-এ থাকবে “লিও মেসি স্ট্যান্ড”। ৪ এপ্রিল স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচ থেকেই এই নাম চালু হবে।
বিজ্ঞাপন
ক্লাবটির ভাষ্য, “আমাদের নাম্বার ১০ ও অধিনায়ককে সম্মান জানিয়ে ‘লিও মেসি স্ট্যান্ড’ চালু করতে পেরে আমরা আনন্দিত। বিশ্ব ক্রীড়ায় এটি বিরল এক ঘটনা- একজন খেলোয়াড় নিজের হোম স্টেডিয়ামে খেলছেন, আর সেই স্টেডিয়ামেই তার নামে একটি স্ট্যান্ড রয়েছে।”
নু স্টেডিয়াম হচ্ছে ইন্টার মায়ামির স্থায়ী ঠিকানা, যা ফোর্ট লডারডেলের অস্থায়ী ভেন্যু চেজ স্টেডিয়ামের পরিবর্তে তৈরি করা হয়েছে। ২০২০ সালে এমএলএসে যোগ দেওয়ার পর থেকে এতদিন সেখানেই খেলত দলটি।
তিন বছর আগে মেসির যোগ দেওয়ার পর থেকেই বদলে যায় ক্লাবটির ভাগ্য। তার নেতৃত্বে ইতোমধ্যে চারটি শিরোপা জিতেছে ইন্টার মায়ামি, যার মধ্যে রয়েছে ২০২৩ সালের লিগস কাপ এবং ২০২৫ সালের এমএলএস কাপ। ক্লাবটি জানায়, মেসির বর্তমান অবদানকেই স্বীকৃতি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“সাধারণত এ ধরনের সম্মান অতীতকে ঘিরেই দেওয়া হয়- স্মৃতি আর নস্টালজিয়া থেকে। কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমান থেকে জন্ম নেওয়া যা আমরা এখনই দেখছি, প্রতিবার লিও মাঠে নামলেই যা অনুভব করি,” বিবৃতিতে বলা হয়।
বিজ্ঞাপন
“কাউকে সম্মান জানানো মানেই সবসময় একটি অধ্যায়ের সমাপ্তি নয়। কখনও কখনও এর মানে হলো- আপনি একটি অসাধারণ মুহূর্তের সাক্ষী হচ্ছেন।”

