শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

মৌরিতানিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ এএম

শেয়ার করুন:

মৌরিতানিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় আর্জেন্টিনার

নিজ দেশে, বুয়েনস আয়ার্সের লা বোম্বোনেরায় দর্শকদের জোরালো সমর্থনের মধ্যে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন লিওনেল মেসি। তবে স্কোরবোর্ডে প্রভাব ফেলতে পারেননি তিনি। তবুও জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বৃষ্টিভেজা রাতে প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের ১৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ। এরপর ৩১ মিনিটে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করেন নিকো পাজ। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বড় চমক দেয় মৌরিতানিয়া। ৯৩ মিনিটে গোল করে ব্যবধান কমান জর্ডান লেফোর, যা দলটির জন্য ছিল দারুণ এক স্মরণীয় মুহূর্ত।


বিজ্ঞাপন


ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি নিজের দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন। “আজ দল ভালো খেলেনি, এটা স্বীকার করতেই হবে। আমাদের কাজ করতে হবে, ভুলগুলো ঠিক করতে হবে,” বলেন তিনি।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার খেলায় গতি কমে যাওয়ার কথাও স্বীকার করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। “দ্বিতীয়ার্ধে আমাদের ইনটেনসিটি কম ছিল। আরও ভালো করতে হবে। অনেকদিন একসঙ্গে খেলিনি, কিছুটা রোটেশনও ছিল,” যোগ করেন তিনি।

মেসি মাঠে নেমে দ্রুত পাসে আক্রমণ গড়ার চেষ্টা করলেও খুব একটা সফল হননি। ৫৫ মিনিটে একটি শট নেন, যা লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচে মৌরিতানিয়ার ইব্রাহিমা কেইতা, ওমার নগম, আবুবাকারি কোইতা ও সুলেমানে আনে একাধিকবার পরীক্ষা নেন মার্টিনেজকে।

এই দিনে আর্জেন্টিনার স্পেনের বিপক্ষে ফাইনালিসিমা খেলার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে ম্যাচটি বাতিল হয়। এখন চলতি আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ জাম্বিয়ার বিপক্ষে, ৩১ মার্চ একই ভেন্যুতে।


বিজ্ঞাপন


এই ম্যাচ শেষে মেসি ফিরে যাবেন তার ক্লাব ইন্টার মায়ামিতে, যেখানে ৪ এপ্রিল অস্টিন এফসির বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর