ফিফা ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৮১ দিন। তবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন এখনো লিওনেল মেসিকে ঘিরে। ৩৮ বছর বয়সী এই তারকা আসরে খেলবেন কি না; তা এখনো নিশ্চিত নয়। প্রধান কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ মেসির নিজস্ব।
স্কালোনি গণমাধ্যমকে বলেন, “এ প্রশ্নের উত্তর মেসিকেই দিতে হবে। আমি অবশ্যই চাই সে দলে থাকুক। ফুটবলের জন্যই তার উপস্থিতি জরুরি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তার। তার মানসিক প্রস্তুতি ও শারীরিক ফিটনেসের ওপর সবকিছু নির্ভর করছে।”
বিজ্ঞাপন
২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা মেসি এখনো দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা (১১৫ গোল)। তার সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে শুধু আর্জেন্টিনায় নয়, বিশ্বজুড়েই তুমুল আলোচনা চলছে।
স্কালোনি আরও যোগ করেন, “শুধু আর্জেন্টিনার সমর্থকরাই নয়, সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা তাকে মাঠে দেখতে চায়। তবে আমরা কোনো তাড়াহুড়ো করছি না। যে সিদ্ধান্তই সে নিক, তা তার এবং দলের জন্যই সবচেয়ে ভালো হবে।”
আপাতত ভক্তদের জন্য সুখবর চলতি আন্তর্জাতিক বিরতিতে মেসি মাঠে নামছেন। ২৭ মার্চ মাউরিতানিয়া এবং ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে দেখা যাবে। দুটি ম্যাচই হবে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক স্টেডিয়াম লা বোমবোনেরায়। তবে শুরুর একাদশে থাকবেন কি না, তা ম্যাচের দিনই ঠিক হবে বলে জানিয়েছেন স্কালোনি।
প্রসঙ্গত, ২৭ মার্চ কাতারে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচের পরিকল্পনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বাতিল হয়েছে। এর বদলে দেশের মাটিতে দুটি প্রীতি ম্যাচ পাওয়ায় স্কালোনি খুশি। তিনি বলেন, “দেশের সমর্থকরা মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পাবে এটাই সবচেয়ে আনন্দের।”
বিজ্ঞাপন
আর্জেন্টিনা ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। এতে ২০২২ বিশ্বকাপজয়ী ১৬ জন ফুটবলার রয়েছেন। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ডিফেন্ডার টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস এবং বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ানি।
আর্জেন্টাইন কোচ বলেন, “এটাই এখনকার দল। তবে নতুন খেলোয়াড়দের দিকেও আমরা নজর রাখছি। শেষ পর্যন্ত স্কোয়াড নির্বাচনে ফিটনেস, বর্তমান ফর্ম ও প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
এসটি

