শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

‘ফ্রি ইমরান খান’ টি-শার্টে মাঠে ঢুকতে বাধা, অতপর...

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

‘ফ্রি ইমরান খান’ টি-শার্টে মাঠে ঢুকতে বাধা, অতপর...

অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড ফাইনালে ‘ফ্রি ইমরান খান’ টি-শার্ট পরে এক দর্শককে প্রথমে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা বিতর্কের জন্ম দিলেও, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দ্রুত সিদ্ধান্ত বদলে তা মানবিক ইস্যু হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে এখন থেকে এ ধরনের বার্তা সম্বলিত পোশাক পরে দর্শকরা অবাধে মাঠে ঢুকতে পারবেন।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) মেলবোর্নের ঐতিহাসিক জংশন ওভালে শেফিল্ড শিল্ড ফাইনালের প্রথম দিনে ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার ম্যাচ চলছিল। লুক ব্রাউন নামের এক উৎসাহী ক্রিকেট ভক্ত ‘ফ্রি ইমরান খান’ লেখা টি-শার্ট গায়ে চড়িয়ে মাঠে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তা কর্মীরা এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচনা করে তাকে শার্ট ঢেকে ফেলতে বলেন।


বিজ্ঞাপন


ব্রাউন তাদের নির্দেশ মেনে অন্য একটি শার্টের নিচে টি-শার্টটি লুকিয়ে মাঠে ঢোকেন। পরে সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, “আমি খুব অবাক হয়েছিলাম। তবে আমি বুঝতে পারছি, বিভিন্ন ধরনের পরিস্থিতি সামলাতে তাদের জন্য একটা সাধারণ নিয়ম প্রয়োগ করা সহজ হয়। তারা খুবই ভদ্র ও সহযোগিতাপূর্ণ ছিল।”

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে ক্রিকেট অস্ট্রেলিয়া দ্রুত বিষয়টি পর্যালোচনা করে। এক মুখপাত্র জানান, পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য ও কল্যাণ নিয়ে ক্রিকেট বিশ্বজুড়ে যে গভীর উদ্বেগ রয়েছে, তা কোনো রাজনৈতিক ইস্যু নয় বরং একটি মানবিক বিষয়। তাই এ ধরনের টি-শার্ট পরে দর্শকদের প্রবেশে আর কোনো বাধা দেওয়া হবে না।

সিএ স্পষ্ট করে বলেছে, নিরাপত্তা কর্মীরা প্রাথমিকভাবে নিয়ম মেনেই কাজ করেছিলেন, কিন্তু পর্যালোচনায় দেখা গেছে যে এটি তাদের প্রবেশ নীতি লঙ্ঘন করে না।

১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের নায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে দুর্নীতির অভিযোগে কারাবন্দি রয়েছেন। তার স্বাস্থ্যের অবনতির খবরে বিশ্ব ক্রিকেটে ব্যাপক সহানুভূতি দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


ইতোমধ্যে গ্রেগ চ্যাপেলের উদ্যোগে ১৪ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক স্টিভ ওয়, অ্যালান বর্ডার, মাইকেল অ্যাথারটন, কপিল দেব, সুনীল গাভাসকর, ক্লাইভ লয়েড, বেলিন্ডা ক্লার্কসহ অনেকে একটি পিটিশনে স্বাক্ষর করে ইমরান খানকে মানবিক মর্যাদা ও যথাযথ চিকিৎসা প্রদানের আহ্বান জানিয়েছেন।

লুক ব্রাউন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “সাধারণ ক্রিকেট ভক্ত হিসেবে সঠিক অবস্থান নেওয়া আমাদের জন্য সহজ। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো বড় সংস্থার জন্য এটা অনেক বেশি কঠিন। তারা যে সাহসী ও সঠিক পদক্ষেপ নিয়েছে, তাতে আমি তাদের প্রশংসা করি।”

সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড, ফক্স স্পোর্টস, হিন্দুস্তান টাইমস ও ক্রিকেট অস্ট্রেলিয়া

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর