ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দর্শকদের বর্ণবাদী আচরণের কারণে পর্তুগালের ক্লাব বেনফিকাকে ৪০ হাজার ইউরো জরিমানা করেছে।
গত মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে সমর্থকদের বর্ণবাদী আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি দেওয়া হয়। এছাড়া ম্যাচ চলাকালে মাঠে বস্তু নিক্ষেপের জন্য আরও ২৫ হাজার ইউরো এবং লেজার পয়েন্টার ব্যবহারের জন্য ৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
একই ঘটনায় বেনফিকার সহকারী কোচ পেদ্রো মাচাদোকেও অখেলোয়াড়সুলভ আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
লিসবনে প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ১-০ ব্যবধানে জিতলেও ম্যাচটি বিতর্কিত হয়ে ওঠে, যখন ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন যে বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি তাকে বর্ণবাদী মন্তব্য করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে খেলোয়াড় ও ক্লাব- দু’পক্ষই।
ঘটনার তদন্তে নামে উয়েফা এবং প্রাথমিকভাবে প্রেস্টিয়ানিকে মাদ্রিদের ফিরতি লেগ থেকে সাময়িকভাবে নিষিদ্ধও করা হয়। সেই ম্যাচে রিয়াল ২-১ ব্যবধানে জিতে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।
শাস্তির অংশ হিসেবে উয়েফা আরও জানিয়েছে, এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে বেনফিকার একটি হোম ম্যাচে আংশিক গ্যালারি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

