২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির শেষ ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে শুরু হয়ে টুর্নামেন্টের শেষ পর্যন্ত (১১ জুন–১৯ জুলাই) নতুন করে টিকিট সাধারণ বিক্রির জন্য ছাড়া হবে।
ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আগের ধাপে ইতোমধ্যে ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানায় ফিফা। জানুয়ারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, “চাহিদা এমন যেন একসঙ্গে ১০০০ বছরের বিশ্বকাপ চলছে,” এবং এবারের ১০৪টি ম্যাচই হাউসফুল হবে বলে আশা প্রকাশ করেছিলেন তিনি।
বিজ্ঞাপন
তবে টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে সমালোচনার মুখেও পড়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে গ্রুপ পর্বের সর্বনিম্ন টিকিট মূল্য রাখা হয়েছে ১৪০ ডলার আর ফাইনালের টিকিটের দাম উঠেছে ৮,৬৮০ ডলার পর্যন্ত- যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়।
ফুটবল সাপোর্টার্স অব ইউরোপ জানিয়েছে, তারা ভোক্তা সংগঠন ইউরোকনজিউমার্সের সঙ্গে মিলে ইউরোপীয় কমিশনে আনুষ্ঠানিক অভিযোগও করেছে। তাদের অভিযোগ, টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেশি এবং প্রথমবারের মতো ‘ডায়নামিক প্রাইসিং’ চালু করা হয়েছে, যার ফলে চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে।
ফিফা জানিয়েছে, অবশিষ্ট টিকিট ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বিক্রি করা হবে। নতুন এই ধাপে দর্শকরা নিজেদের পছন্দমতো আসনও বেছে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তারা ১ এপ্রিল থেকে নিজেদের নির্ধারিত আসনের তথ্য জানতে পারবেন।

