ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে তার চোট নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর খবর সরাসরি উড়িয়ে দিয়েছেন। বিশেষ করে রিয়াল মাদ্রিদের চিকিৎসকরা ভুল করে অন্য হাঁটু পরীক্ষা করেছিলেন, এমন দাবি পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছেন তিনি।
ফরাসি গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ডিসেম্বর মাসে এমবাপের বাঁ হাঁটুর আংশিক লিগামেন্ট ছেঁড়ার সমস্যা ধরা পড়েনি, কারণ ভুল করে তার সুস্থ ডান হাঁটুতে স্ক্যান করা হয়েছিল। তবে জাতীয় দলের দায়িত্বে থাকা অবস্থায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে এসব নিয়ে মুখ খুলেছেন এমবাপে।
বিজ্ঞাপন
তিনি বলেন, “রিয়াল মাদ্রিদ ভুল হাঁটু পরীক্ষা করেছে- এমন তথ্য সত্য নয়। হয়তো কিছুটা দায় আমারও, কারণ আমি সবকিছু স্পষ্ট করে জানাইনি। এতে করে অনেকেই নিজেদের মতো করে গল্প বানানোর সুযোগ পেয়েছে।”
চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে ক্লাবের সঙ্গে তার যোগাযোগ সবসময় পরিষ্কার ছিল বলেও জানান এই ফরোয়ার্ড। “মাদ্রিদে যখন পুনর্বাসন শুরু করেছি কিংবা প্যারিসে গিয়ে চিকিৎসা নিয়েছি- সব জায়গাতেই ক্লাবের ডাক্তার, ফিজিও এবং ফিটনেস কোচ ছিল আমার সঙ্গে। তাই এ নিয়ে কোনো সমস্যা নেই,” বলেন তিনি।
ডিসেম্বরের ৭ তারিখে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে প্রথম চোট পান এমবাপে। এরপর আরও তিনটি ম্যাচ খেললেও ৩১ ডিসেম্বর তার হাঁটুতে মচকানোর বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। পরে দ্বিতীয় মতামত নিতে প্যারিসে গিয়ে কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় তাকে।
তবে এখন নিজেকে পুরোপুরি ফিট বলেই মনে করছেন এমবাপে। “আমি কখনোই অতীত নিয়ে পড়ে থাকি না। বর্তমান আর সামনে কী আছে, সেটাই আমার ফোকাস। এখন আমি ভালো অনুভব করছি, বিশেষ করে দুই হাঁটু নিয়েই। ক্লাব আমার ফিটনেসের ভালো দেখভাল করেছে,” বলেন তিনি।
বিজ্ঞাপন
সবশেষে তিনি যোগ করেন, “আমি খুবই খুশি, ফিট এবং প্রস্তুত। প্রয়োজন হলে ব্রাজিলের বিপক্ষে শুরু থেকেই খেলতে প্রস্তুত আছি।”

