বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

এমবাপের চোট নির্ণয়ে গুরুতর ভুল রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

এমবাপের চোট নির্ণয়ে গুরুতর ভুল রিয়াল মাদ্রিদের

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্তের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্লাবে থাকাকালীন তার চোট নির্ণয়ে গুরুতর ভুল হয়েছিল যা তার ক্যারিয়ারের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারত, এমনকি আসন্ন বিশ্বকাপে খেলার সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হতে পারত।

দীর্ঘ সময় ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন এমবাপে। অনেক সময় ব্যথা নিয়েই খেলেছেন, কিন্তু সমস্যার প্রকৃত কারণ স্পষ্ট ছিল না। পরে প্যারিসে গিয়ে বিস্তারিত পরীক্ষা করানোর পর বিষয়টি পরিষ্কার হয়। বিখ্যাত হাঁটু বিশেষজ্ঞ বার্ট্রান্ড সোনেরি-কোতের তত্ত্বাবধানে চিকিৎসা পদ্ধতি পরিবর্তনের পর তার অবস্থার উন্নতি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অস্ত্রোপচার ছাড়াই তিনি সুস্থ হয়ে মাঠে ফিরতে পেরেছেন।


বিজ্ঞাপন


তবে বিতর্কের মূল কারণ আরও চমকপ্রদ। জানা গেছে, মাদ্রিদে তার চিকিৎসা যথাযথ ছিল না। এমনকি একটি প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে তার এমআরআই ভুল হাঁটুতে করা হয়েছিল। সুস্থ হাঁটুতে কোনো সমস্যা ধরা না পড়ায় তিনি আরও তিনটি ম্যাচ খেলেন, পরে আসল সমস্যাটি ধরা পড়ে। পরে নিজেদের ভুল বুঝতে পেরে তা সংশোধন করে রিয়াল কর্তৃপক্ষ।

এই ঘটনায় এমবাপে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ছিলেন। ফরাসি সাংবাদিক ড্যানিয়েল রিওলো এ ঘটনাকে “সম্পূর্ণ লজ্জাজনক” বলে উল্লেখ করে বলেন, “এই ভুল আরও বড় বিপদ ডেকে আনতে পারত। অনেকদিন ধরে সে বুঝতেই পারেনি তার সমস্যা কী। এমনকি ম্যাচও খেলেছে, এতে তার হাঁটু মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারত।”

তবে এমবাপে নিজে বিষয়টি নিয়ে কিছুটা সংযত অবস্থান নিয়েছেন। তিনি বলেন, “আমার হাঁটু এখন ভালো আছে, ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, যার মধ্যে কিছু ভুল তথ্যও ছিল।” তিনি আরও যোগ করেন, “এটাই একজন শীর্ষ অ্যাথলেটের জীবন। অনেকেই যাচাই না করেই নানা কথা বলে।”

সব মিলিয়ে, বিষয়টি পুরোপুরি পরিষ্কার না হলেও, এমন গুরুতর চিকিৎসাগত ভুলের অভিযোগ রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবের জন্য বড় প্রশ্ন তৈরি করেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর