বিশ্বকাপ শুরুর আর বেশি দেরি নেই। তাই প্রস্তুতির শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই প্রীতি ম্যাচটি তাই স্বাভাবিকভাবেই বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
বৃহস্পতিবার বোস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। এটি হবে ১১ বছর পর দুই দলের সাক্ষাৎ। সবশেষ ২০১৫ সালে প্যারিসে প্রীতি ম্যাচে ৩-১ গোলে জিতেছিল ব্রাজিল।
বিজ্ঞাপন
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে খুব একটা স্বস্তিতে ছিল না ব্রাজিল। ১৮ ম্যাচে ৬টি হার নিয়ে পঞ্চম হয়ে শেষ করেছে তারা। তবে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে তারা নতুনভাবে ঘুরে দাঁড়ানোর আশা করছে। লক্ষ্য একটাই- রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়, যা সর্বশেষ এসেছিল ২০০২ সালে। এই ম্যাচের পর ব্রাজিল আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে, যারা ২০২২ বিশ্বকাপে তাদের বিদায় করেছিল।
এদিকে বিশ্বকাপের আগে ব্রাজিলের সবচেয়ে আলোচিত বিষয় অবশ্য নেইমার জুনিয়র। ৩৪ বছর বয়সী এই তারকা অক্টোবর ২০২৩-এর পর আর জাতীয় দলে খেলেননি। কোচ আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের অনুপস্থিতি কেবল ফিটনেসজনিত কারণে। তিনি বলেন, “ওর সমস্যা টেকনিক্যাল নয়, ফিজিক্যাল। বল পায়ে সে এখনো দুর্দান্ত, কিন্তু পুরো ফিট নয়। আমাদের মতে সে এখনো ১০০ শতাংশ প্রস্তুত নয়।”
নেইমার না থাকলেও আক্রমণের মূল ভরসা এখন ভিনিসিয়ুস জুনিয়র। যদিও দলে নেই অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মাগালহায়েস কিংবা ব্রুনো গিমারায়েসের মতো গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলার।
অন্যদিকে ফ্রান্স শিবিরে সব নজর কিলিয়ান এমবাপেকে ঘিরে। হাঁটুর চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন তিনি এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত বলেই জানিয়েছেন। এমবাপে বলেন, “সব কিছু এখন অতীত। ধীরে ধীরে ফিরে আসার পরিকল্পনা ছিল। এই আন্তর্জাতিক বিরতিতে খেলতে চাই এবং আবার ম্যাচে প্রভাব ফেলতে চাই।”
বিজ্ঞাপন
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁমের জন্য এটি হবে শেষ বিশ্বকাপ। দীর্ঘ ১৪ বছরের অধ্যায় শেষ করে তিনি সরে দাঁড়াবেন, আর তার উত্তরসূরি হিসেবে জিনেদিন জিদানের নামই সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে। দুই দলের শেষ প্রতিযোগিতামূলক দেখা হয়েছিল ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, যেখানে ফ্রান্স ১-০ গোলে জিতেছিল।
আসন্ন বিশ্বকাপে দুই দলই যদি নিজেদের গ্রুপে শীর্ষে থাকে, তাহলে ফাইনালের আগে তাদের আর দেখা হবে না। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে কতটা প্রস্তুত- তার একটা বড় ইঙ্গিত মিলবে বৃহস্পতিবারের এই হাইভোল্টেজ ম্যাচেই।

