অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন শুধু বল হাতে জাদুকরই ছিলেন না, মাঠের বাইরেও ছিলেন দূরদর্শী। আইপিএলের প্রথম আসর ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হওয়ার সময়ই এমন একটি চুক্তি করেছিলেন, যার সুফল প্রায় দুই দশক পর পেতে যাচ্ছে তার পরিবার।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কনসোর্টিয়ামের কাছে প্রায় ১.৬৩ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস। আর এই বিক্রির সঙ্গেই সক্রিয় হয়েছে ওয়ার্নের সেই চুক্তির ধারা।
বিজ্ঞাপন
২০০৮ সালে দলে যোগ দেওয়ার সময় ওয়ার্ন শুধু অধিনায়কই হননি, দলের ক্রিকেট-সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতাও পেয়েছিলেন। চুক্তির অংশ হিসেবে প্রতি মৌসুমে খেলার জন্য ফ্র্যাঞ্চাইজির ০.৭৫ শতাংশ শেয়ারও দেওয়া হয়েছিল তাকে।
এক সাক্ষাৎকারে ওয়ার্ন বলেছিলেন, “আমাকে অধিনায়ক, কোচ এবং পুরো দল চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। সবকিছু একাই সামলাতাম।”

চার মৌসুম রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তিনি। ফলে তার মোট শেয়ার দাঁড়ায় ৩ শতাংশে। বর্তমান বিক্রয়মূল্য অনুযায়ী এই শেয়ারের মূল্য প্রায় ৪৫০ থেকে ৪৬০ কোটি রুপি।
বিজ্ঞাপন
২০২৬ সালের আইপিএল শেষে ওয়ার্নের পরিবার এই শেয়ার বিক্রি করে অর্থ নিতে পারবে, যদিও এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে। ২০০৮ সালে মাত্র ৬৭ মিলিয়ন ডলারে কেনা হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। সময়ের ব্যবধানে সেই দলের মূল্য এখন আকাশচুম্বী।
২০২২ সালে প্রয়াত হন ওয়ার্ন। তবে তার দূরদর্শী সিদ্ধান্ত আজও তার পরিবারকে এনে দিচ্ছে বিশাল আর্থিক সুবিধা।

