বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

লিভারপুল ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা সালাহর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১১:১৪ এএম

শেয়ার করুন:

লিভারপুল ক্যারিয়ারে ইতি টানার ঘোষণা সালাহর

মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন ভিডিও বার্তায় নিজের বিদায়ের কথা জানান তিনি।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করেছেন। ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন তৃতীয় স্থানে।


বিজ্ঞাপন


নিজের বিদায়বার্তায় সালাহ বলেন, “হ্যালো সবাই। দুঃখজনকভাবে সেই দিনটি এসে গেছে।” তিনি আরও বলেন, “এটাই আমার বিদায়ের প্রথম অংশ। আমি এই মৌসুম শেষে লিভারপুল ছাড়ছি।”

লিভারপুলের সঙ্গে তার সম্পর্ক কতটা গভীর ছিল, সেটিও তুলে ধরেন সালাহ। “আমি কখনো ভাবিনি এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমার জীবনের এত বড় অংশ হয়ে উঠবে। লিভারপুল শুধু একটি ফুটবল ক্লাব নয়- এটা আবেগ, ইতিহাস, একটি আত্মা।” ক্যারিয়ারের স্মৃতি নিয়ে তিনি বলেন, “আমরা একসঙ্গে জিতেছি, বড় ট্রফি জিতেছি, আবার কঠিন সময়েও একসঙ্গে লড়েছি।”

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সালাহ বলেন, “তোমরা আমার ক্যারিয়ারের সেরা সময়ে পাশে ছিলে, কঠিন সময়েও ছিলে। এটা আমি কখনো ভুলব না।” বিদায়ের কষ্টও লুকাননি তিনি। “বিদায় বলা কখনোই সহজ নয়। তোমরা আমাকে জীবনের সেরা সময়টা দিয়েছ। আমি সবসময় তোমাদের একজন থাকব।”

শেষে লিভারপুলের বিখ্যাত স্লোগানের উল্লেখ করে বলেন, “ধন্যবাদ সবকিছুর জন্য। তোমাদের কারণেই- আমি কখনো একা হাঁটব না।”


বিজ্ঞাপন


লিভারপুলের হয়ে সালাহ জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা। চারবার জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটও। এদিকে তার ভবিষ্যৎ গন্তব্য এখনো নিশ্চিত নয়। তার এজেন্ট জানিয়েছেন, আগামী মৌসুমে কোথায় খেলবেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর