জাতীয় দলের জার্সিতে খেলার মাঠে লম্বা সময় ধরেই নেই সাকিব আল হাসান। তবে ১৭ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও সাকিবকে নিয়ে আলোচনা থেমে নেই। টাইগারদের সবশেষ পাকিস্তান সিরিজের আগে সাকিবকে নিয়ে আলোচনা আরও বেড়েছিল। ঘরের মাঠেই সেই সিরিজ দিয়েই সাবেক অধিনায়ক আবার মাঠে নামবেন, এমন গুঞ্জণ ছিল। তবে তা হয়নি। তিনি কবে দেশে ফিরবেন তাও এখনো নিশ্চিত নয়।
এদিকে বিসিবির নির্বাচক প্যানেলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পাওয়া হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, সাকিব যেন লম্বা সময়ের জন্যই ফিরে। শুধু অবসর নেওয়ার জন্য ফিরবেন, এমনটা যেন না হয়।
বিজ্ঞাপন
বিসিবি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুমনকে নতুন প্রধান নির্বাচক ঘোষণা করেছে। আজ সংবাদ সম্মেলনে এসে সাকিবকে নিয়ে বিসিবির নবনির্বাচিত প্রধান নির্বাচক বলেন, ‘সাকিব এসে অবসর নেওয়া জন্য খেলুক আমি সেটা চাই না। সাকিব এসে দীর্ঘ সময় খেলুক। অন্তত ২০২৭ বিশ্বকাপ যেন খেলতে পারে।’
পাকিস্তান সিরিজ দিয়ে ফিরতে না পারা সাকিব কি সামনে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবার জাতীয় দলের জার্সিতে ফিরবেন? এমন আলোচনা আছে ভক্ত-সমর্থকদের মাঝে। এ প্রসঙ্গে বাশার বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের বেশি সময় নেই। সাকিব ক্রিকেটের মধ্যে কতটুকু আছে, সে ব্যাপারে আমি নিশ্চিত না। আমি সাকিবকে যতটুকু চিনি সাকিব কাল আসবে আর পরশু মাঠে নামবে- ব্যাপারটা এমন না। তার প্রস্তুতির দরকার আছে।’
তিনি আরও বলেন, ‘আমি লম্বা সময়ের কথা চিন্তা করছি। এটাও মনে করি না যে সাকিব একটা সিরিজ খেলে চলে যাবে। যদি সাকিবকে পাই, তাহলে অনেক দীর্ঘ সময়ের জন্য তাঁর সার্ভিসটা পেতে চাইব। প্রস্তুতি কিন্তু অনেক বড় ব্যাপার।’

