রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন লিভারপুলের সাবেক কোচ ইউর্গেন ক্লপ। এই ধরনের খবরকে তিনি সরাসরি “নির্বোধ” বলে মন্তব্য করেছেন।
২০২৩-২৪ মৌসুম শেষে প্রায় নয় বছর দায়িত্ব পালন করে লিভারপুল ছাড়েন ক্লপ। বর্তমানে তিনি রেড বুলের গ্লোবাল ফুটবল প্রধান হিসেবে কাজ করছেন। ভবিষ্যতে কোচিংয়ে ফেরার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিলেও আপাতত এমন কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রিয়ালের কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার উত্তরসূরি হিসেবে ক্লপের নাম শোনা যাচ্ছিল। তবে এসব গুঞ্জন নিয়ে ক্লপ বলেন, “রিয়াল মাদ্রিদ যদি আমাকে ফোন করত, তাহলে আমরা নিশ্চয়ই তা জানতাম।”
তিনি আরও যোগ করেন, “এসব পুরোপুরি বাজে কথা। তারা একবারও ফোন করেনি, একবারও না। আমার এজেন্টও আছে, তাকে জিজ্ঞেস করতে পারেন। তাকেও তারা ফোন করেনি।”
বর্তমানে কোচিংয়ে ফেরার বিষয়ে কোনো চিন্তা নেই বলেও স্পষ্ট করেছেন জার্মান এই কোচ। “এই মুহূর্তে আমি এটা নিয়ে ভাবছি না। সৌভাগ্যক্রমে এর কোনো কারণও নেই।”
তবে ভবিষ্যতে কী হবে, সেটাও খোলা রেখেছেন ক্লপ। “আমার বয়সের হিসেবে আমি অনেকটা এগিয়ে গেছি, কিন্তু কোচ হিসেবে এখনো শেষ হয়ে যাইনি। অবসরের বয়সও হয়নি। ভবিষ্যতে কী হবে, সেটা কে জানে? তবে এখন কিছুই পরিকল্পনায় নেই।”
বিজ্ঞাপন
এদিকে লা লিগায় বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা, যেখানে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

