সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পিসিবি

পাকিস্তান সুপার লিগ ছেড়ে আইপিএলে খেলতে যাওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

২০২৫ সালে করবিন বশ পেশোয়ার জালমিকে ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। এবার ২০২৬ সালে ব্লেসিং মুজারাবানি ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন। একইভাবে লাহোর কালান্দার্স ছেড়ে রাজস্থান রয়্যালসে খেলতে যাচ্ছেন দাসুন শানাকা।


বিজ্ঞাপন


রোববার এক সংবাদ সম্মেলনে নাকভি বলেন, নিয়ম অনুযায়ীই এসব ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “গত বছরও এমন ঘটনা ঘটেছিল। করবিন বশকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”

আইপিএলের সঙ্গে সূচি সংঘর্ষ নিয়ে খুব একটা চিন্তিত নন বলেও জানান তিনি। “আইপিএলের সঙ্গে সংঘর্ষ কোনো সমস্যা নয়। কিছু খেলোয়াড় সেখানে যাচ্ছে, আবার আমাদের লিগেও ভালো মানের খেলোয়াড় আসছে। আমরা পিএসএল পিছিয়ে দিতে পারিনি, কারণ ক্যালেন্ডারে অন্য কোনো সময় খালি নেই,” বলেন নাকভি।

গত মৌসুমে করবিন বশ পিএসএল ও আইপিএলের সূচি সংঘর্ষের বড় উদাহরণ হয়ে ওঠেন। ডায়মন্ড ক্যাটাগরিতে পেশোয়ার জালমির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তিনি দল ছাড়েন এবং ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন।

পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড তার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে আইনি নোটিশ দেয়। যদিও বশ পরে ক্ষমা চেয়েছিলেন, তবুও তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয় এবং জরিমানাও করা হয়। ফলে তিনি পিএসএল ২০২৬ খেলতে পারছেন না।


বিজ্ঞাপন


২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএলের এবারের আসর। লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। বর্তমান পরিস্থিতির কারণে সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। পাশাপাশি খরচ কমাতে উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর