রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগেই হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়া ম্যানচেস্টার সিটির সময়টা ভালো যাচ্ছিল না মোটেও। প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে আর্সেনালের চেয়ে পিছিয়ে আছে অনেকটাই। তবে ইংলিশ ফুটবল লিগ কাপের ফাইনালে তাদেরকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে পেপ গুয়ার্দিওলার দল।
রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা লড়াইয়ে আর্সেনালকে ২-০ গোলে হারায় সিটি। বিরতির পর দুটি গোলই করেন ব্রিটিশ মিডফিল্ডার নিকো ও’রাইলি।
বিজ্ঞাপন
চার মৌসুম পর লিগ কাপের শিরোপা জিতল সিটি। সব মিলিয়ে প্রতিযোগিতায় এটি তাদের নবম শিরোপা। এছাড়া কোচ হিসেবে দারুণ এক রেকর্ড গড়েছেন দলটির কোচ গুয়ার্দিওলা। প্রথম কোচ হিসেবে এই টুর্নামেন্টে পাঁচটি শিরোপা জিতলেন এই স্প্যানিয়ার্ড।
অন্যদিকে শিরোপা খরা কাটানোর অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো আর্সেনালের। ২০২০ সালে সবশেষ এফএ কাপের শিরোপা জিতেছিল দলটি।
এদিন টানা চার ম্যাচ পর জয়ের দেখা পায় সিটি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়ালের কাছে দুই লেগে হার ছাড়াও প্রিমিয়ার লিগের সবশেষ দুই ম্যাচে ড্র করে গুয়ার্দিওলার দল।
তবে ম্যাচের শুরুতে সিটির ওপর আক্রমণের ঝড় বইয়ে দেয় আর্সেনাল। সপ্তম মিনিটের এক আক্রমণে তাদের তিনটি প্রচেষ্টা ফিরিয়ে দেন গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড। বিরতির পর আক্রমণে ধার বাড়ানো সিটিকে ৬০তম মিনিটে এগিয়ে দেন ও’রাইলি। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
বিজ্ঞাপন
শেষ দিকে ১০ মিনিটের ভেতর আর্সেনালের দুটি শট গোলপোস্ট ও ক্রসবারে লেগে ফিরে আসে। প্রিমিয়ার লিগে সিটির চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলা গুয়ার্দিওলার দলের পয়েন্ট ৬১।

