চেলসির কোচ লিয়াম রোজেনিওর স্বীকার করেছেন, এভারটনের কাছে হারের পর তিনি ভীষণ হতাশ। তার ভাষায়, এটি ছিল “এ পর্যন্ত সবচেয়ে হতাশাজনক সন্ধ্যা”।
শনিবার এভারটনর মাঠে ৩-০ গোলে হারে চেলসি। পুরো ম্যাচেই নিজেদের ছায়া হয়ে ছিল ব্লুজরা। গত ১০ দিনে টানা চার ম্যাচ হেরেছে চেলসি। এর মধ্যে রয়েছে পিএসজির কাছে চ্যাম্পিয়নস লিগে দুই লেগ মিলিয়ে ৮-২ গোলে হার। ২০২৩ সালের এপ্রিল-মে সময়ের পর এটিই তাদের সবচেয়ে বাজে সময়।
বিজ্ঞাপন
সবচেয়ে উদ্বেগের বিষয়, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে গোলই করতে পারেনি চেলসি, ২০২৩ সালের সেপ্টেম্বরের পর যা প্রথম। তবুও ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল পয়েন্ট হারানোয় শীর্ষ চারে থাকার লড়াইয়ে কিছুটা আশা দেখছেন রোজেনিওর।
তিনি বলেন, “চ্যাম্পিয়নস লিগে যেভাবে হেরেছি এবং শেষ দুই ম্যাচে যেভাবে হেরেছি, এটা ক্লাবের জন্য হতাশাজনক সময়। আমার কাজ, আমার জন্যও এটা কষ্টের। যে অবস্থাতেই থাকি না কেন, হার কষ্ট দেয়।” তিনি আরও বলেন, “আমরা যেসব বিষয় নিয়ে কথা বলেছি- সহজে গোল না দেওয়া, ম্যাচের নিয়ন্ত্রণ রাখা- কিছুই করতে পারিনি। ফলে এটা খুব কঠিন এক সময়, যেখানে ফলাফল ও পারফরম্যান্স- কোনোটাই প্রত্যাশামতো হয়নি।”
তবে সামনে তাকাতে চান এই কোচ, “আমরা এখনো চ্যাম্পিয়নস লিগের জায়গা থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। আমাদের একইভাবে কাজ চালিয়ে যেতে হবে।” অন্যদিকে টানা দুটি হোম জয়ের পর স্বপ্ন দেখছেন এভারটন কোচ ডেভিড ময়েস। এই ম্যাচে জোড়া গোল করেছেন বেটো, আর দুর্দান্ত এক গোল করেন ইলিমান এনদিয়ায়ে।
লিভারপুলের চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে থাকা এভারটন এখন ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সম্ভাবনাও দেখছে। এই জয় প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে এভারটনের সবচেয়ে বড় জয়।

