ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নর মাঠে ২-১ গোলে হেরেছে লিভারপুল। শনিবার ব্রাইটনের বিপক্ষে হারের পরও লিভারপুলর কোচ আর্নে স্লট বাড়তি কোনো চাপ অনুভব করছেন না বলেই জানিয়েছেন। ২০১৫-১৬ মৌসুমের পর এই প্রথম এক লিগ মৌসুমে ১০ ম্যাচ হারল অ্যানফিল্ডের দলটি।
অ্যামেক্স স্টেডিয়ামে এই ম্যাচে পুরো সময় জুড়েই লিভারপুলকে ছাপিয়ে খেলেছে ব্রাইটন। সাম্প্রতিক তিন ম্যাচে সম্ভাব্য ৯ পয়েন্টের মধ্যে মাত্র ১ পয়েন্ট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তালিকায় পঞ্চম স্থানে থাকলেও বাজে ফর্মের কারণে অন্য দলগুলো তাদের কাছাকাছি চলে এসেছে, ফলে শীর্ষ চারে থাকার লড়াই কঠিন হয়ে উঠছে।
বিজ্ঞাপন
স্লট বলেন, “লিভারপুলে সব সময়ই চাপ থাকে- আমার ওপর, খেলোয়াড়দের ওপর। এটা একেবারেই স্বাভাবিক। আমরা এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছি, কিন্তু লিগে আমাদের নিশ্চিত করতে হবে যেন শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করি।”
তিনি আরও বলেন, “এখানে হারাটা অবশ্যই হতাশাজনক। তবে ব্রাইটনের মাঠে খেলা সব সময়ই কঠিন, বিশেষ করে তারা যেভাবে ভালো খেলোয়াড় দলে আনে। কিন্তু এমন কিছু ম্যাচ ছিল, যেখানে আমাদের আরও পয়েন্ট পাওয়া উচিত ছিল, যেমন গত সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ। সেটি আরও অগ্রহণযোগ্য।”
স্লট স্বীকার করেছেন, ইউরোপীয় ম্যাচ খেলার পর তার দল লিগে ভুগছে। এর আগে চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইর বিপক্ষে ৪-০ গোলে জয়ের পরই এই হার। তার ভাষায়, “ইউরোপে খেলার পর আমরা অনেক পয়েন্ট হারিয়েছি- এটা পরিষ্কার। এর কারণ আমি আগেও ব্যাখ্যা করেছি। তবে ব্রাইটনকেও কৃতিত্ব দিতে হবে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে তারা ভালো খেলেছে।”
ইনজুরিও ভুগিয়েছে লিভারপুলকে। ম্যাচের আগে দলে ছিলেন না মোহাম্মদ সালাহ ও অ্যালিসন বেকার। আর ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন হুগো একিতিকে। স্লট বলেন, “সে মাঠ ছাড়তে বাধ্য হওয়াটা দুর্ভাগ্যজনক। তিন মাসের জন্য ছিটকে পড়েনি, কিন্তু খেলা চালিয়ে যেতে পারেনি, এটা আমাদের জন্য বড় ধাক্কা।”

