বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে মার্চের আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে একটি ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল আর্জেন্টিনার। তবে এখন একটির জায়গায় দুটি ম্যাচ খেলতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এই দুই প্রতিপক্ষের কেউই বিশ্বকাপে খেলার সুযোগ তো পায়ইনি, বরং শক্তিমত্তায় যোজন-যোজন পিছিয়ে আছে আলবিসেলেস্তেদের চেয়ে।
শুক্রবার এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, আগামী ২৭ মার্চ মৌরিতানিয়া ও ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে প্রীতি দুটি ম্যাচ খেলবে তারা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে।
বিজ্ঞাপন
ফিফা র্যাঙ্কিংয়ে ৯১ নম্বরে থাকা জাম্বিয়া তাদের খেলা সবশেষ পাঁচ ম্যাচের কোনোটিতেই জয় পায়নি। অন্যদিকে ১১৫ নম্বরে থাকা মৌরিতানিয়ারও জয় নেই সবশেষ পাঁচ ম্যাচে। এই নিয়ে টানা তিন ম্যাচে আফ্রিকার তিনটি দেশের মুখোমুখি হতে যাচ্ছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে গত নভেম্বরে অ্যাঙ্গোলার মাঠে ২-০ গোলে জিতেছিল তারা।
অবশ্য চলতি মাসের আন্তর্জাতিক বিরতিতে কাতারে শক্তিশালি প্রতিপক্ষের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। ২৭ মার্চ ফিনালিস্সিমা ট্রফির লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। এরপর স্বাগতিক কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলার কথা ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ম্যাচ দুটি বাতিল হয়ে গেছে।
এরপর ৩১ মার্চ বুয়েনস আইরেসে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের কথা জানায় এএফএ। কিন্তু ফিফার অনুমোদন না পাওয়ায় সেই ম্যাচটি বাতিল হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় রয়টার্স। কারণ ২৭ মার্চ ইতালিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে গুয়াতেমালা।
ফলে এখন শক্তিমত্তায় বেশ পিছিয়ে থাকা দুটি দলের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপ ধরে রাখার অভিযানের উদ্দেশে দেশ ছাড়বে আর্জেন্টিনা। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা। ‘জে’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

