ব্রাজিলের হয়ে আগামী সপ্তাহের আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না অ্যালিসন বেকার। চোটের কারণে তাকে স্কোয়াড থেকে ছিটকে যেতে হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।
বৃহস্পতিবার ঘোষিত দলে অ্যালিসনকে রেখেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তবে তার বদলে দলে ডাক পেয়েছেন করিন্থিয়ানসের গোলরক্ষক হুগো সৌজা। আগামী ২৬ মার্চ ফ্রান্স এবং ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে বোস্টন ও অরল্যান্ডোতে।
বিজ্ঞাপন
৩৩ বছর বয়সী অ্যালিসন ক্লাব ফুটবলেও মাঠের বাইরে থাকছেন। শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নর বিপক্ষে লিভারপুলর ম্যাচেও খেলতে পারবেন না তিনি। তার বদলে একাদশে দেখা যেতে পারে জর্জি মামারদাশভিলিকে।
চলতি মৌসুমে চোট সমস্যা বেশ ভোগাচ্ছে অ্যালিসনকে। ১০ মার্চ গালাতাসারাইর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগেও খেলতে পারেননি তিনি, যদিও আগের দুটি ম্যাচে মাঠে ছিলেন।
এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে লিভারপুলের আটটি ম্যাচ মিস করেছেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। প্রিমিয়ার লিগে বর্তমানে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল, যেখানে শীর্ষ চারে জায়গা পাওয়ার লড়াই চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে।

